রাজনীতি অধ্যয়নে সনাতন বা গতানুগতিক পদ্ধতি বলতে কি বুঝ?


প্রশ্ন : তুলনামূলক রাজনীতি অধ্যয়নের গতানুগতিক পদ্ধতি বলতে কি বুঝ?
অথবা, রাজনীতি অধ্যয়নে সনাতন পদ্ধতি বলতে কি বুঝ?

ভূমিকা: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা তুলনামূলক রাজনীতি অধ্যয়নে বিভিন্ন পদ্ধতির ব্যবহার নিয়ে আলোচনা করেছেন। তুলনামূলক রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। বিষয়গত বিভিন্নতার কারণে একটি একক পদ্ধতি সর্বত্র ব্যবহার করা সম্ভব হয় না। ফলে প্রয়োজন ও বিষয়ানুযায়ী বিভিন্ন পদ্ধতির ব্যবহার লক্ষ্য করা যায়। পদ্ধতিগত দিক থেকে তুলনামূলক রাজনীতি অধ্যয়নের প্রধান দুটি পদ্ধতির মধ্যে একটি হলো গতানুগতিক বা সনাতন পদ্ধতি

তুলনামূলক রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি: রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কালের বিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যাখ্যা জটিল ও সমস্যা-সঙ্কুল হয়ে উঠলে রাজনীতি অধ্যয়নের পদ্ধতিতেও পরিবর্তন আসে। মূলত এই পরিবর্তন ঘটে বিংশ শতকের দ্বিতীয়ার্ধে

এর পূর্বে রাজনীতি অধ্যয়নের জন্য যে পদ্ধতিগুলো প্রচলিত ছিল, তা ছিল বর্ণনামূলক। রাষ্ট্রবিজ্ঞানীরা এই বর্ণনামূলক পদ্ধতিগুলোকে গতানুগতিক বা সনাতন পদ্ধতি বলে অভিহিত করেছেন। অর্থাৎ, আধুনিক পদ্ধতির উদ্ভবের পূর্বে রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনায় যেসব পদ্ধতি ব্যবহার করা হতো, সেগুলোই গতানুগতিক বা সনাতন পদ্ধতি।

কিছু প্রামাণ্য সনাতন পদ্ধতি:

১. ঐতিহাসিক পদ্ধতি – অতীত ঘটনার বিশ্লেষণ ও ইতিহাসের আলোকে রাজনৈতিক ব্যাখ্যা।
২. দার্শনিক পদ্ধতি – রাজনৈতিক ধারণা ও নীতির দার্শনিক বিশ্লেষণ।
৩. পর্যবেক্ষণ পদ্ধতি – বাস্তব জীবনের রাজনৈতিক কার্যক্রমের সরাসরি পর্যবেক্ষণ।
৪. পরীক্ষণ পদ্ধতি – অভিজ্ঞতা বা পরীক্ষার মাধ্যমে রাজনৈতিক নীতি ও প্রক্রিয়ার যাচাই।
৫. আইনমূলক পদ্ধতি – আইনি কাঠামো ও সংবিধানের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষণ।

মূলত, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে যে পদ্ধতি দার্শনিক, আইনগত ও ঐতিহাসিক ভিত্তি ব্যবহার করে রাজনৈতিক বিষয় আলোচনা করে, তাকে সনাতন বা গতানুগতিক পদ্ধতি বলা হয়।

উপসংহার: অতএব বলা যায়, তুলনামূলক রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে বর্তমানে রাজনৈতিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় সনাতন পদ্ধতিতে সুষ্ঠু বিশ্লেষণ প্রায় অসম্ভব হয়ে গেছে। এজন্য আধুনিক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন