প্রশ্ন: তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য লিখ।
ভূমিকা: তুলনামূলক সরকার হল বিভিন্ন সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। এই আলোচনায় সরকারের আনুষ্ঠানিক কাঠামোকে প্রধান স্থান দেওয়া হয়।
অন্যদিকে, তুলনামূলক রাজনীতি সরকারের অনানুষ্ঠানিক কাঠামোর আলোচনা করে। এখানে অনানুষ্ঠানিক কাঠামো ও কার্যাবলির ওপর গুরুত্ব আরোপ করা হয়। অনেকেই তুলনামূলক রাজনীতি ও সরকারকে একই রূপে দেখলেও, উভয়ের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।
তুলনামূলক রাজনীতি ও সরকারের মধ্যে পার্থক্য: নিম্নে তুলনামূলক রাজনীতি ও সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো:
১. তুলনামূলক রাজনীতির পরিধি তুলনামূলক সরকারের চেয়ে ব্যাপক। এটি রাষ্ট্রীয় কার্যাবলির দৃশ্যমান ও অদৃশ্য সবকিছু আলোচনা করে।
২. তুলনামূলক রাজনীতি সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান প্রভৃতি আন্তঃসমাজবিজ্ঞান বিষয়কে অন্তর্ভুক্ত করে। তুলনামূলক সরকার আন্তঃসামাজিক বিষয়ের প্রতি ততটা গুরুত্ব দেয় না।
৩. তুলনামূলক রাজনীতির আলোচনায় পরিসংখ্যানের ব্যাপক ব্যবহার হয়, ফলে আলোচনা বিজ্ঞানভিত্তিক হয়। তুলনামূলক সরকারের আলোচনায় পরিসংখ্যানের ব্যবহার সীমিত।
৪. তুলনামূলক রাজনীতি মূলত তৃতীয় বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশগুলোর ওপর আলোকপাত করে, কিন্তু তুলনামূলক সরকারের আলোচনা এসব দেশের ওপর কেন্দ্রীভূত নয়।
৫. তুলনামূলক রাজনীতির আলোচনা মূল্যবোধ নিরপেক্ষ। বিষয়বস্তু বিজ্ঞানভিত্তিক করার জন্য মূল্যবোধকে বাদ দেওয়া হয়। তুলনামূলক সরকারের আলোচনায় মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হয়।
৬. তুলনামূলক রাজনীতিতে আলোচ্য বিষয়বস্তুকে বিজ্ঞানভিত্তিক করার জন্য একটি তাত্ত্বিক কাঠামো বা ধারণা কাঠামো তৈরি করা হয়। তুলনামূলক সরকারের আলোচনায় সাধারণত কোনো তাত্ত্বিক কাঠামো গঠনের প্রয়াস লক্ষ্য করা যায় না।
৭. তুলনামূলক রাজনীতির আলোচনা বিশ্লেষণাত্মক ও বিজ্ঞানভিত্তিক। তুলনামূলক সরকারের আলোচনার ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া হয় এবং বিষয়বস্তু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়।
৮. তুলনামূলক রাজনীতি বর্ণনাত্মক আলোচনা এড়িয়ে বিশ্লেষণাত্মক আলোচনা পেশ করে। ফলে আলোচনা গুরুত্ববাহী হয়। অন্যদিকে, তুলনামূলক সরকারের আলোচনা প্রায়শই বর্ণনামূলক হয়।
উপসংহার: অতএব, বলা যায় তুলনামূলক সরকারের তুলনায় তুলনামূলক রাজনীতির আলোচনার ক্ষেত্র ব্যাপক। তুলনামূলক সরকারের আলোচনা সীমিত। এছাড়াও, তুলনামূলক রাজনীতি একটি বিজ্ঞানভিত্তিক ও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি প্রদান করে।

একটি মন্তব্য পোস্ট করুন