ভূমিকা : খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক এরিস্টটলের হাতেই তুলনামূলক রাজনীতির সূত্রপাত ঘটে। সেদিন থেকে আজ পর্যন্ত সামন্ততান্ত্রিক যুগের পরিবর্তন এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর অবদানের মাধ্যমে তুলনামূলক রাজনীতি ধীরে ধীরে আধুনিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ হয়েছে। বর্তমানে এটি রাজনীতির মূলসূত্র ও বাস্তবতা অনুসন্ধানে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। ফলে সাম্প্রতিক সময়ে তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়ে পরিণত হয়েছে।
তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য : নিম্নে তুলনামূলক রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো—
১. পাশ্চাত্য ও প্রাচ্যের রাজনীতি অন্তর্ভুক্তি : পূর্বে রাজনীতি অধ্যয়নে কেবল পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থা আলোচিত হতো। কিন্তু তুলনামূলক রাজনীতি পাশ্চাত্য ও প্রাচ্য উভয় ধরনের রাজনৈতিক ব্যবস্থাকেই আলোচনায় এনেছে।
২. আনুষ্ঠানিক কাঠামোর বাইরে বিস্তৃতি : এটি কেবল সরকারের আনুষ্ঠানিক কাঠামো বিশ্লেষণে সীমাবদ্ধ নয়; বরং রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি অনানুষ্ঠানিক উপাদানকেও অন্তর্ভুক্ত করে।
৩. বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ : অতীতে রাষ্ট্রবিজ্ঞানের অধিকাংশ তত্ত্ব ছিল আদর্শবাদী। তুলনামূলক রাজনীতি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ কৌশল প্রয়োগ করে নতুন অভিজ্ঞতামূলক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে বাস্তবভিত্তিক ব্যাখ্যা প্রদান করে।
৪. আন্তর্জাতিক বিস্তৃতি : এটি কোনো নির্দিষ্ট অঞ্চলভিত্তিক নয়; বরং বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার উপর গবেষণা করে।
৫. অন্তঃশাস্ত্রীয় সম্পর্ক : তুলনামূলক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানকে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান প্রভৃতি অন্যান্য শাস্ত্রের সাথে সম্পৃক্ত করেছে।
৬. নীতি থেকে বাস্তবতায় মনোযোগ : তুলনামূলক রাজনীতি নীতি-নৈতিকতার প্রশ্ন থেকে সরে এসে বাস্তব পরিস্থিতিকে মুখ্য বিবেচনা করেছে। অর্থাৎ, রাজনীতি কী হওয়া উচিত তা নয়, বরং রাজনীতির বাস্তব চিত্র কী সেটিই এর মূল আগ্রহের বিষয়।
৭. সঠিক বিষয়বস্তু নির্ধারণ : এটি রাষ্ট্রবিজ্ঞানের সঠিক বিষয়বস্তু নির্ধারণ করে এবং সেগুলোর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করে।
উপসংহার : অতএব বলা যায়, তুলনামূলক রাজনীতি ব্যাপক বৈশিষ্ট্যমণ্ডিত একটি শাখা। এটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে এবং অনানুষ্ঠানিক উপাদানসমূহকে অন্তর্ভুক্ত করে রাজনীতিকে যেমন গতানুগতিকতার প্রভাব থেকে মুক্ত করেছে, তেমনি বাস্তব সত্য উদ্ঘাটনে কার্যকর ভূমিকা পালন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন