প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কী বোঝায়?


প্রশ্ন : প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কী বোঝায়?

ভূমিকা : ব্রিটেনের শাসনব্যবস্থার অন্যতম প্রধান উৎস হলো প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতি। বস্তুত এসব রীতিনীতির উপরই ইংরেজ জাতির শাসনব্যবস্থার মূলভিত্তি প্রতিষ্ঠিত। এ কারণে এডমন্ড বার্ক (Edmund Burke) বলেছেন— “The convention is the motive power of the British Constitution.” ব্রিটেনের অলিখিত শাসনতন্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলো বিস্তৃতভাবে ছড়িয়ে আছে। অধ্যাপক এ. ভি. ডাইসি সর্বপ্রথম ‘শাসনতান্ত্রিক রীতিনীতি’ (Constitutional Conventions) শব্দটি ব্যবহার করেন। তবে তাঁর আগে জে. এস. মিল এগুলোকে ‘শাসনতন্ত্রের অলিখিত বিধি’ নামে আখ্যায়িত করেছিলেন। এককথায় বলা যায়, ব্রিটেনের শাসনব্যবস্থায় প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথাগত বিধান : ব্রিটেনের শাসনব্যবস্থায় প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে সে দেশের শাসনব্যবস্থা সম্পর্কিত কতিপয় অলিখিত নিয়ম ও পদ্ধতিকে বোঝায়, যা দীর্ঘদিনের পারস্পরিক বোঝাপড়া ও চর্চার মাধ্যমে গড়ে উঠেছে এবং শাসন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকল স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে অনুসরণ করে থাকে।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রথাগত বিধান সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা উল্লেখ করা হলো—

অধ্যাপক এ. ভি. ডাইসি বলেন—
“Conventions are rules for determining the mode in which the discretionary powers of the Crown ought to be exercised.”
অর্থাৎ, প্রথাগত বিধান হলো এমন নিয়মাবলি, যার মাধ্যমে রাজা বা রাজশক্তির স্বেচ্ছাধীন ক্ষমতা কীভাবে প্রয়োগ হবে তা নির্ধারিত হয়।

অধ্যাপক কে. সি. হুইয়ার (K. C. Wheare)-এর মতে—
“শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে শাসনব্যবস্থা সম্পর্কিত সেসব নিয়ম-পদ্ধতিকে বোঝায়, যেগুলো আইনের অংশ না হলেও বাধ্যতামূলকভাবে গৃহীত হয়, দেশের রাজনৈতিক সংগঠনকে নিয়ন্ত্রণ করে এবং কার্যত শাসনব্যবস্থার একটি অংশে পরিণত হয়।”

অধ্যাপক ওগ (Ogg) বলেছেন—
“Conventions consist of understandings, practices and habits which control the relations and operations of the public authorities.”
অর্থাৎ, প্রথাগত বিধান হলো এমন কিছু বোঝাপড়া, চর্চা ও অভ্যাস, যা সরকারি কর্তৃপক্ষগুলোর পারস্পরিক সম্পর্ক ও কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

মার্শাল ও মুডি (Marshall and Moodie) বলেন—
“Conventions are non-legal rules regulating the way in which legal rules shall be applied.”
অর্থাৎ, প্রথাগত বিধান হলো আইনগত নয়—এমন নিয়মাবলি, যা আইনের প্রয়োগ পদ্ধতি নিয়ন্ত্রণ করে।

উপসংহার : সুতরাং উপর্যুক্ত আলোচনা ও সংজ্ঞাসমূহের আলোকে বলা যায়, প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতি হলো কতকগুলো অলিখিত নিয়ম, অভ্যাস ও ঐতিহ্যের সমষ্টি, যা আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও বাস্তবে শাসন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণ ও শাসনকর্তৃপক্ষ সেগুলো নিয়মিতভাবে মেনে চলে।

Post a Comment

নবীনতর পূর্বতন