ভূমিকা : রাজতন্ত্র হলো একটি প্রতিষ্ঠান, আর রাজা বা রানী হলেন একজন ব্যক্তি। সাধারণভাবে ব্রিটেনের শাসনব্যবস্থায় রাজা বা রানী এবং রাজতন্ত্র শব্দগুলোকে সমার্থক মনে করা হলেও বাস্তবে তা সঠিক নয়। উভয়ের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। গ্লাডস্টোন উভয়ের পার্থক্য নির্দেশ করতে গিয়ে মন্তব্য করেছেন, “ব্রিটেনে রাজা বা রাজতন্ত্র বা রাজশক্তির মধ্যকার পার্থক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।”
রাজা ও রাজতন্ত্রের মধ্যে পার্থক্য :
১. অবস্থানগত পার্থক্য : রাজতন্ত্র হলো একটি প্রতিষ্ঠান। কিন্তু রাজা বা রানী হলেন একজন ব্যক্তি। অর্থাৎ রাজতন্ত্র বলতে বোঝায় রাজার পদকে, আর রাজতন্ত্রের ব্যবহারকারী একজন বিশেষ ব্যক্তি হলেন রাজা বা রানী।
২. স্থায়ীত্বের ক্ষেত্রে পার্থক্য : স্থায়িত্বের ক্ষেত্রেও পার্থক্য বিদ্যমান। রাজা যখন রাজত্ব চালাতে অসমর্থ হন, তখন তিনি ক্ষমতা ছেড়ে দেন। কিন্তু ব্যক্তি রাজার মৃত্যু হলেও রাজতন্ত্র বিলোপ হয় না। নিয়মানুযায়ী আরেকজন রাজা বা রানী পদে অধিষ্ঠিত হন।
৩. ক্ষমতাগত পার্থক্য : রাজতন্ত্রের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকলেও ব্যক্তি রাজা কার্যত ক্ষমতাহীন। কারণ কেবিনেট তার নামে সকল ক্ষমতা প্রয়োগ করে থাকে।
৪. কর্তৃত্বগত পার্থক্য : সময়ের প্রয়োজন অনুযায়ী পার্লামেন্টের সম্মতিতে রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কারণ রাজতন্ত্র সর্বদাই পার্লামেন্টের পরামর্শ অনুযায়ী কর্তৃত্ব প্রয়োগ করে। কিন্তু রাজার ক্ষমতা পার্লামেন্ট দ্বারা নিয়ন্ত্রিত ও আবদ্ধ।
৫. ধারণাগত পার্থক্য : রাজতন্ত্র একটি আইনগত ধারণা। এটি রাজার বিশেষাধিকারের সঙ্গে সরকারের ব্যাপক ক্ষমতার সংমিশ্রণের প্রতীক হিসেবে বিবেচিত। অন্যদিকে, রাজা একজন ব্যক্তি মাত্র। মন্ত্রীরা রাজকর্মের জন্য রাজা বা রানীর কাছে ব্যক্তিগতভাবে দায়ী থাকেন না; মূলত তার নামে দেশের মন্ত্রিসভা সরকারি ক্ষমতা প্রয়োগ করে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পর বলা যায়, রাজা ও রাজতন্ত্রের মধ্যে বহু পার্থক্য বিদ্যমান। তবে উভয়ই অঙ্গাঙ্গীভাবে জড়িত। রাজা বা রানী ছাড়া রাজতন্ত্র চলতে পারে না, যেমন রাজতন্ত্র ব্যতীত রাজা বা রানীর কোন অস্তিত্ব নেই।

একটি মন্তব্য পোস্ট করুন