ভূমিকা : আইনের অনুশাসন ব্রিটিশ শাসনব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয়। ব্রিটেনের শাসনব্যবস্থার ইতিহাসে বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের সঙ্গে সংগতি বজায় রেখে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের পর থেকেই ইংল্যান্ডে ধীরে ধীরে এ ধারণার ব্যাপক প্রসার ঘটে এবং এটি রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়।
ব্রিটেনের শাসনব্যবস্থায় আইনের অনুশাসনের ভূমিকা বা গুরুত্ব : ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় আইনের অনুশাসনের ভূমিকা বা গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো—
১. আইনের চোখে সকলেই সমান : ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয় এবং সকল নাগরিক আইন ও সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত। অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান। আইনের অনুশাসনের নীতির মাধ্যমেই এ ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে। উদাহরণস্বরূপ এনটিক বনাম ক্যারিংটন মামলার রায় উল্লেখযোগ্য, যা ব্রিটেনে আইনের নিরপেক্ষতা প্রমাণ করে।
২. আইনের প্রাধান্য : আইনের অনুশাসনের প্রথম নীতিতে বলা হয়েছে যে, সাধারণ আইনের মাধ্যমে কোনো আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া বৈধ নয়। এ নীতির মাধ্যমে সরকারের কার্যাবলির ওপর আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আইনের বিধান ব্যতীত জনগণের জানমালের ক্ষতিসাধন কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। এ অবস্থার প্রতিষ্ঠা মূলত আইনের অনুশাসনের ফল।
৩. নাগরিক অধিকারের স্বীকৃতি : ব্রিটেনের শাসনব্যবস্থায় নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে পার্লামেন্টকে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের ওপর নির্ভর করতে হয়।
৪. নাগরিক অধিকার সংরক্ষণ : ব্রিটেনের সংবিধান লিখিত না হওয়ায় নাগরিক অধিকারের কোনো পৃথক লিখিত দলিল নেই। এ ক্ষেত্রে আইনের অনুশাসনের মাধ্যমেই নাগরিক অধিকারসমূহ সংরক্ষিত হয়। অর্থাৎ নাগরিক অধিকার রক্ষায় ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা : ব্রিটিশ শাসনব্যবস্থায় পার্লামেন্টের সার্বভৌমত্ব একটি অন্যতম শাসনতান্ত্রিক নীতি। এ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আইনের অনুশাসনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আইনের অনুশাসনের কারণেই পার্লামেন্টের আইনগত সর্বাত্মক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং পার্লামেন্ট প্রণীত আইন দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়। এ প্রসঙ্গে বিশিষ্ট ফরাসি লেখক ডি. লোমি মন্তব্য করেছেন, “পার্লামেন্ট প্রণীত এ সকল আইন নাগরিকদের জন্য বাধ্যতামূলক এবং সে কারণেই নাগরিকগণ তা মানতে বাধ্য থাকে।”
৬. মন্ত্রিসভার দায়িত্বশীলতা বৃদ্ধি : মন্ত্রিসভার দায়িত্বশীলতা প্রতিষ্ঠায় আইনের অনুশাসনের ভূমিকা সুস্পষ্ট। যতক্ষণ পর্যন্ত কমন্সসভায় মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে, ততক্ষণই তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। এছাড়া মন্ত্রিসভা নির্বাচকমণ্ডলীর নিকট দায়ী থাকে এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে তাদের কার্যক্রমের মূল্যায়ন করা হয়।
৭. প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমাবদ্ধকরণ : ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্যাপক ক্ষমতার অধিকারী হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন। সময়ের প্রয়োজনে তার ক্ষমতার পরিসর বৃদ্ধি পেলেও বাস্তবে তা আইন দ্বারা সীমাবদ্ধ। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করার ক্ষেত্রে আইনের অনুশাসন অগ্রণী ভূমিকা পালন করে।
৮. রাজা বা রানীর ক্ষমতার যথার্থ প্রয়োগ : আইনের দৃষ্টিতে শাসন বিভাগের প্রধান হলেন ব্রিটেনের রাজা বা রানী এবং তার নামেই বিচারকার্য পরিচালিত হয়। তবে বাস্তব শাসনকার্যে রাজা বা রানীর ক্ষমতা সীমিত। এক্ষেত্রে তিনি তার ক্ষমতা প্রয়োগে আইনের অনুশাসনের সহায়তা গ্রহণ করে থাকেন।
৯. গণতান্ত্রিক অধিকার রক্ষা : ব্রিটেনে গণতান্ত্রিক অধিকার রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হলো আইনের অনুশাসন। দীর্ঘদিন ধরে বিকশিত আইনের অনুশাসনের মাধ্যমেই জনগণের গণতান্ত্রিক অধিকারসমূহ প্রতিষ্ঠিত হয়েছে এবং টিকে রয়েছে। সুতরাং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় আইনের অনুশাসনের ভূমিকা অপরিসীম।
১০. রাষ্ট্রীয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচার রোধ : রাষ্ট্রীয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচার রোধে ব্রিটেনে আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনের যথাযথ প্রয়োগের ফলে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং অধিকার রক্ষায় সক্রিয় হয়ে ওঠে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, A. V. Dicey প্রদত্ত আইনের অনুশাসনের ধারণা ব্রিটিশ শাসনব্যবস্থায় বাস্তব ও কার্যকরভাবে প্রয়োগিত হয়েছে। এই নীতি স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার রক্ষায় একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করেছে। আইনের অনুশাসন জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় গভীরভাবে অনুপ্রাণিত করেছে। অতএব বলা যায়, নাগরিক অধিকার ও আইনের শাসন পরস্পর ওতপ্রোতভাবে সম্পৃক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন