প্রশ্ন : আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির মতবাদ ব্যাখ্যা কর।
ভূমিকা : ১৮৮৫ সালে প্রকাশিত ডাইসি তাঁর “An Introduction to the Law of the Constitution” নামক গ্রন্থে আইনের অনুশাসন সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা উপস্থাপন করেন। আইনের অনুশাসন সম্পর্কিত ব্যাখ্যায় ডাইসি মূলত ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকেই প্রতিধ্বনিত করেছেন। তাঁর উদ্দেশ্য ছিল আইনের অনুশাসনের মাধ্যমে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের পূর্ণতা দান করা। এ উদ্দেশ্য পূরণের জন্য তিনি আইনের অনুশাসনকে ব্রিটিশ সংবিধানের একটি মৌলনীতি হিসেবে অভিহিত করেন।
আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির ব্যাখ্যা : আইনের অনুশাসন ব্যাখ্যা করতে গিয়ে ডাইসি তিনটি সূত্রের কথা উল্লেখ করেছেন। নিম্নে সূত্র তিনটি আলোচনা করা হলো—
১. আইনের প্রাধান্য : ডাইসির মতে, আইনের অনুশাসনের প্রথম নীতি হলো আইনের প্রাধান্য। তিনি মনে করেন, সাধারণ আইন পদ্ধতির মাধ্যমে আদালতে আইনভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে আইনগতভাবে দৈহিক বা বৈষয়িক দিক থেকে অভিযুক্ত করা বা শাস্তি দেওয়া যাবে না। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি স্ববিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করে, তবে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকা উচিত। ডাইসির এ মতের সঙ্গে ব্রিটেনের শাসনতান্ত্রিক ব্যবস্থার তুলনা করলে দেখা যায় যে সেখানে আইনের সুস্পষ্ট ও সর্বাত্মক প্রাধান্য প্রতিষ্ঠিত এবং তারা কেবল আইনের দ্বারাই শাসিত হয়ে থাকে।
২. আইনের দৃষ্টিতে সকলেই সমান : আইনের অনুশাসনের দ্বিতীয় নীতি হলো আইনের দৃষ্টিতে সকলেই সমান। এ নীতির মাধ্যমে তিনি ফ্রান্সের প্রশাসনিক আইনের সঙ্গে ব্রিটেনের আইনের অনুশাসনের পার্থক্য নিরূপণ করে ব্রিটেনের শাসনব্যবস্থার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন। তাঁর মতে, সামাজিক অবস্থান ও পদমর্যাদার দিক থেকে দেশের সাধারণ নাগরিক এবং সরকার বা শাসনকার্যে নিয়োজিত ব্যক্তিগণ—কেউই আইনের ঊর্ধ্বে নয়।
৩. জনগণের অধিকার সাধারণ আইন দ্বারা সংরক্ষিত : ডাইসির মতে, আইনের অনুশাসনের তৃতীয় নীতি হলো জনগণের অধিকার সাধারণ আইন দ্বারা সংরক্ষিত। পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিক অধিকার সংবিধানের বিধিবদ্ধ আইনের মাধ্যমে স্বীকৃত। কিন্তু ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ায় সেখানে নাগরিক অধিকার লিখিত সংবিধানের মাধ্যমে বিধিবদ্ধ নয়। এখানে বিচার বিভাগের সিদ্ধান্তকে নাগরিক অধিকারের উৎস হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ ব্রিটেনে নাগরিক অধিকার সম্পর্কিত ধারণা আদালতের দ্বারা প্রতিষ্ঠিত ব্যক্তিস্বাধীনতার ফলশ্রুতি।
উপসংহার : অতএব বলা যায়, ডাইসির আইনের অনুশাসনের গুরুত্ব অপরিসীম। সময়ের প্রয়োজন, কার্যপরিধির সম্প্রসারণ এবং পরিবেশ-পরিস্থিতির পরিবর্তনের কারণে আইনের অনুশাসনের প্রয়োগ কিছুটা স্তিমিত হয়েছে। তবে ব্রিটেনের শাসনব্যবস্থায় আজও ডাইসির আইনের অনুশাসন নীতি একটি মৌলনীতি হিসেবে স্বীকৃত।

একটি মন্তব্য পোস্ট করুন