ব্রিটেনের বিচার বিভাগের গঠন আলোচনা কর


প্রশ্ন: ব্রিটেনের বিচার বিভাগের গঠন আলোচনা কর।

ভূমিকা: সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগ যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশেষ করে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের অপরিহার্যতা অনস্বীকার্য। উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ব্রিটেনের বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি প্রতিষ্ঠান। প্রকৃতপক্ষে বিচার বিভাগই জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার অন্যতম প্রধান মাধ্যম। ব্রিটেনের বিচার বিভাগ সরকারের অপর দুটি অঙ্গ—আইন বিভাগ ও শাসন বিভাগ—থেকে স্বতন্ত্র মর্যাদা ভোগ করে। ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি প্রশাসনিক কর্তৃপক্ষের কার্যক্রমের ওপরও এটি বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করে।

বিচার বিভাগের গঠন: ব্রিটেনের বিচারব্যবস্থা প্রধানত দুইটি শাখায় বিভক্ত। যথা—

১. দেওয়ানি আদালত
২. ফৌজদারি আদালত

দেওয়ানি ও ফৌজদারি আদালতের সংগঠন সম্পূর্ণ পৃথক। দেওয়ানি আদালতে ব্যক্তিগত অধিকার, দাবিদাওয়া ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা হয়। অপরদিকে, ফৌজদারি আদালতে রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী অপরাধের বিচার ও শাস্তি প্রদান করা হয়।

দেওয়ানি আদালত: দেওয়ানি আদালতগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

১. কাউন্টি আদালত (County Court): ব্রিটেনে দেওয়ানি বিচারের ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হলো কাউন্টি আদালত। এটি ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। একজন বিচারকের মাধ্যমে এ আদালতের বিচারকার্য পরিচালিত হয়। বিচারককে লর্ড চ্যান্সেলর নিয়োগ দেন। অপেক্ষাকৃত কম অর্থমূল্যের দেওয়ানি মামলা ও দাবিদাওয়ার বিচার এ আদালতে করা হয়।

২. হাইকোর্ট অব জাস্টিস (High Court of Justice): কাউন্টি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল হাইকোর্ট অব জাস্টিসে করা যায়। এ আদালত ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। অধিক মূল্যমানের সম্পত্তি ও অর্থসংক্রান্ত দেওয়ানি মামলার বিচার এ আদালতে অনুষ্ঠিত হয়। এ আদালতের তিনটি বিভাগ রয়েছে। যথা—

ক. কিংস বা কুইন্স বেঞ্চ বিভাগ (King's/Queen's Bench Division)
খ. চ্যান্সারি বিভাগ (Chancery Division)
গ. পারিবারিক বিভাগ (Family Division)

৩. আপিল আদালত (Court of Appeal): হাইকোর্টের তিনটি বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল আদালতে আপিল করা যায়। লর্ড চ্যান্সেলরের সভাপতিত্বে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতিকে নিয়ে এ আদালত গঠিত হয়। এ আদালতের রায়ের বিরুদ্ধে লর্ডসভায় আপিল করা যায়। দীর্ঘদিন ধরে লর্ডসভাই ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে দায়িত্ব পালন করেছে। হাইকোর্ট অব জাস্টিসের তিনটি বিভাগ এবং আপিল আদালতকে নিয়ে Supreme Court of Judicature গঠিত হয়।

ফৌজদারি আদালত: ফৌজদারি আদালতগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

১. ম্যাজিস্ট্রেট আদালত (Magistrates' Court): ফৌজদারি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হলো ম্যাজিস্ট্রেট আদালত। লর্ড চ্যান্সেলর এ আদালতের বিচারকদের নিয়োগ দেন। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার বিচার এ আদালতে সম্পন্ন হয়।

২. ক্রাউন কোর্ট (Crown Court): ম্যাজিস্ট্রেট আদালতের উপরে রয়েছে ক্রাউন কোর্ট। উচ্চ আদালতের বিচারপতি, সার্কিট বিচারপতি এবং রেকর্ডারদের সমন্বয়ে এ আদালত গঠিত হয়।

৩. ঊর্ধ্বতন আপিল আদালত: ক্রাউন কোর্টের রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার আপিলের জন্য ঊর্ধ্বতন আপিল আদালতের ব্যবস্থা রয়েছে। ঐতিহাসিকভাবে লর্ডসভা ছিল সর্বোচ্চ আপিল আদালত। 

এ প্রসঙ্গে মুনরো বলেছেন— "The gamut of criminal justice in England therefore runs through summary jurisdiction, quarter sessions, assizes, Court of Criminal Appeal and House of Lords."
— Munro, The Governments of Europe, p. 263.

অন্যান্য আদালত: 

১. প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটি: ব্রিটেনে Judicial Committee of the Privy Council নামে একটি বিচার বিভাগীয় সংস্থা রয়েছে। লর্ড চ্যান্সেলর, প্রাক্তন লর্ড চ্যান্সেলর এবং আইনবিষয়ক লর্ডদের নিয়ে এ সংস্থা গঠিত হয়। এটি দীর্ঘদিন ধর্মীয় আদালত, যাজকীয় আদালত, প্রাইজ আদালত এবং ব্রিটিশ ডোমিনিয়ন ও উপনিবেশগুলোর উচ্চ আদালতের আপিল শুনানি করত। তবে অধিকাংশ উপনিবেশ স্বাধীনতা লাভ করায় এবং ডোমিনিয়নগুলো আপিলের ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে এ কমিটির গুরুত্ব অনেকাংশে কমে গেছে।

২. বিশেষ আদালত: দেওয়ানি ও ফৌজদারি আদালতের পাশাপাশি ব্রিটেনে বিভিন্ন বিশেষ আদালতেরও অস্তিত্ব রয়েছে। যেমন—

প্রশাসনিক আদালত (Administrative Court)

কোর্ট মার্শাল (Court Martial)

কারবার আদালত (Commercial Court)

রিস্ট্রিকটিভ প্র্যাকটিস কোর্ট (Restrictive Practices Court)

উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ব্রিটিশ বিচার বিভাগ স্বাধীন, নিরপেক্ষ এবং ঐতিহ্যগতভাবে শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপমুক্ত। ব্রিটেনের বিচারব্যবস্থা প্রধানত দুই ধরনের আদালত—দেওয়ানি ও ফৌজদারি আদালত—নিয়ে গঠিত। দেওয়ানি আদালত ব্যক্তিগত অধিকার ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে এবং ফৌজদারি আদালত অপরাধের বিচার ও শাস্তি প্রদান করে।

Post a Comment

নবীনতর পূর্বতন