আচরণবাদ কী?


প্রশ্ন: আচরণবাদ কী?

ভূমিকা: তুলনামূলক রাজনীতি বিশ্লেষণের ইতিহাসে যেসব পদ্ধতির বিকাশ ঘটেছে, তাদের মধ্যে আচরণবাদ অন্যতম। এ তত্ত্বের মূল লক্ষ্য হলো তত্ত্ব ও গবেষণার পরস্পর-নির্ভরশীল কাঠামো গড়ে তোলা এবং রাজনীতি অধ্যয়নে ঐতিহাসিক, বর্ণনামূলক ও আইনগত পদ্ধতি প্রত্যাখ্যান করা। তাই অনেকে এ তত্ত্বকে সনাতন পদ্ধতির বিরুদ্ধে একটি আন্দোলন হিসেবে অভিহিত করেছেন।

আচরণবাদ: আচরণবাদ হলো মানুষের আচরণকে পর্যালোচনার মাধ্যমে রাজনীতিকে সঠিকভাবে ও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার প্রয়াস। পরীক্ষালব্ধ ও প্রয়োগযোগ্য উদ্ভাবন, নীতিসিদ্ধ বিশ্লেষণ এবং তাদের সত্যাসত্য যাচাইয়ের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমের একটি সুসমন্বিত ও সামঞ্জস্যপূর্ণ অনুসন্ধানই আচরণবাদের মূল উদ্দেশ্য।

প্রামাণ্য সংজ্ঞা:

  • নরম্যান ডি. ব্যারি বলেছেন: “আচরণবাদ একটি সামাজিক বিশ্লেষণ, যা প্রতিষ্ঠানের সাধারণ বর্ণনার পরিবর্তে প্রতিষ্ঠানের পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর গুরুত্ব আরোপ করে।” (A form of social explanation in which observed behaviour is stressed rather than the simple description of institutions)

  • ডেভিড ট্রুম্যান বলেছেন: “আচরণবাদ বলতে বোঝায় অনুমান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি, সাক্ষ্য ও প্রমাণের কঠোর শৃঙ্খলাবদ্ধ বিন্যাস, অভিজ্ঞতালব্ধ পদ্ধতির উপর গুরুত্ব এবং সংখ্যায়ন।”

  • জেমস চার্লস ওয়ার্থ তাঁর Analysis of Political Behaviour গ্রন্থে লিখেছেন: “আচরণবাদ কেবল ব্যক্তির কার্যাবলির সাথে জড়িত নয়; এটি তার অভিজ্ঞতাজনিত অনুভূতি ও মূল্যায়নমূলক প্রক্রিয়ার সাথেও সম্পৃক্ত।”

  • বিল ও হার্ডগ্রেভ (Bill and Hardgrave) বলেছেন: “Behaviouralism can be defined as the systematic search for political patterns through the formulation of empirical theory and the technical analysis and verification thereof.”

  • জে. বি. ওয়াটসন (J. B. Watson) বলেছেন: “Behaviouralism is a psychological concept which was adopted to help exclude from scientific research all reference to such subjective data as purpose, intentions, distress and ideas.”

পরিশেষে বলা যায়, রাজনৈতিক প্রতিষ্ঠানের পরিবর্তে প্রতিষ্ঠানের সদস্যদের পর্যবেক্ষণযোগ্য আচরণ অধ্যয়ন করা এবং বিষয়বস্তু বিশ্লেষণে প্রমাণভিত্তিক পদ্ধতির প্রয়োগই আচরণবাদের প্রধান বৈশিষ্ট্য।

উপসংহার: অতএব বলা যায়, তুলনামূলক রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে আচরণবাদ অন্যতম। অন্যান্য আধুনিক তত্ত্বের মতোই আচরণবাদ রাজনীতি বিশ্লেষণে স্থায়ী অবদান রাখতে সক্ষম হয়েছে। তাই আধুনিক পদ্ধতির অন্যান্য তত্ত্বের ন্যায় আচরণবাদও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Post a Comment

নবীনতর পূর্বতন