প্রশ্ন: ব্রিটেনের সংবিধানের ২টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখ।
ভূমিকা: বর্তমান বিশ্বের সংবিধানগুলোর মধ্যে ব্রিটেনের সংবিধান সর্বাপেক্ষা প্রাচীন ও ঐতিহ্যবাহী। এই সংবিধান কোনো একক ব্যক্তির দ্বারা প্রণীত নয়; বরং ঐতিহাসিক দলিল, প্রথা, বিচার বিভাগীয় সিদ্ধান্ত এবং শতাব্দীব্যাপী বিবর্তনের মধ্য দিয়ে এটি গড়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের ওপর এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিরাজমান। তাই অধ্যাপক মুনরো বলেছেন— “The British Constitution is the mother of all constitutions.”
ব্রিটেনের সংবিধানের ২টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: নিম্নে ব্রিটেনের সংবিধানের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করা হলো—
১. অলিখিত সংবিধান:
ব্রিটিশ সংবিধান প্রধানত অলিখিত। এর উপাদানসমূহ মূলত প্রথা, রীতিনীতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই কারণে টমাস পেইন ব্রিটিশ সংবিধানকে সংবিধান বলতেই নারাজ ছিলেন। ফরাসি ঐতিহাসিক টকভিল মন্তব্য করেছেন— “British Constitution has no existence.”
তবে বাস্তবে পৃথিবীর কোনো সংবিধানই সম্পূর্ণ লিখিত নয়; লিখিত ও অলিখিত উপাদানের সমন্বয়েই একটি সংবিধান গঠিত হয়। ব্রিটিশ সংবিধানের সকল অংশ অলিখিত নয়। উদাহরণস্বরূপ—১২১৫ খ্রিস্টাব্দের ম্যাগনা কার্টা, ১৬২৮ খ্রিস্টাব্দের পিটিশন অব রাইটস, ১৬৮৯ খ্রিস্টাব্দের বিল অব রাইটস এবং ১৭০১ খ্রিস্টাব্দের অ্যাক্ট অব সেটলমেন্ট ব্রিটিশ সংবিধানের লিখিত উপাদান। তবে সাংবিধানিক রীতিনীতি ও অলিখিত নিয়মাবলির ওপর ভিত্তি করেই মূলত এই সংবিধান বিকশিত হয়েছে। তাই ব্রিটিশ সংবিধানকে বহুলাংশে অলিখিত সংবিধান বলা হয়।
২. পার্লামেন্টের সার্বভৌমত্ব:
ব্রিটিশ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পার্লামেন্টের সার্বভৌমত্ব। পার্লামেন্টের ওপর কোনো আইনগত বাধা-নিষেধ আরোপ করা যায় না। এটি যে কোনো আইন প্রণয়ন, সংশোধন বা বাতিল করতে পারে। আদালত পার্লামেন্ট কর্তৃক প্রণীত সকল আইনকে বৈধ হিসেবে প্রয়োগ করে। ফরাসি লেখক ডি. ললমী যথার্থই মন্তব্য করেছেন— “The British Parliament can do everything except make a woman a man and a man a woman.” তবে আধুনিক কালে অনেকের মতে, পার্লামেন্টের পরিবর্তে কেবিনেটের প্রভাবই তুলনামূলকভাবে বেশি লক্ষ করা যায়।
উপসংহার: অতএব বলা যায়, উপরিউক্ত দুটি বৈশিষ্ট্য ব্রিটিশ সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্রিটিশ সংবিধান বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবিধান, যার বৈশিষ্ট্য বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানে প্রতিফলিত হয়েছে। সর্বোপরি বলা যায়, ব্রিটিশ সংবিধান লিখিত না হলেও এটি যুগের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও কার্যকর।

একটি মন্তব্য পোস্ট করুন