প্রশ্ন : প্রথা মান্য করা হয় কেন?
অথবা, শাসনতান্ত্রিক রীতিনীতি মান্য করার কারণ উল্লেখ কর।
ভূমিকা : প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতিসমূহ ব্রিটেনের শাসনব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে প্রথাগত বিধান কোনো আইন নয়। এগুলোর পেছনে আইনের প্রত্যক্ষ সমর্থন নেই এবং এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্যও নয়। তবুও ব্রিটেনে এসব প্রথা কঠোরভাবে মান্য করা হয়। এর পেছনে বহু সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ নিহিত রয়েছে।
প্রথা মান্য করার কারণ : শাসনতান্ত্রিক রীতিনীতি কেন মান্য করা হয়—তা নিম্নে আলোচনা করা হলো—
১. জনমতের চাপ : ব্রিটেনে শাসনতান্ত্রিক রীতিনীতিগুলো মান্য করার প্রধান কারণ হলো জনমতের চাপ। এসব রীতিনীতির পেছনে জনগণের সুদৃঢ় সমর্থন বিদ্যমান। এই জনসমর্থনই প্রথা মান্য করার প্রধান চালিকাশক্তি। জনসমর্থন হারানোর আশঙ্কায় কোনো সরকারই এসব প্রথা অমান্য করার সাহস করে না।
২. শাসনব্যবস্থার ভারসাম্য রক্ষা : প্রথা ব্রিটিশ শাসনব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথা অগ্রাহ্য করা হলে শাসনব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়বে এবং এর ফলে সরকারি কাঠামো স্থবিরতা ও বিশৃঙ্খলার সম্মুখীন হতে পারে।
৩. ব্রিটিশ জাতির রক্ষণশীলতা ও ঐতিহ্যপ্রিয়তা : শাসনতান্ত্রিক রীতিনীতিগুলো ব্রিটেনের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্রিটিশ জনগণ প্রকৃতিগতভাবে রক্ষণশীল ও ঐতিহ্যপ্রিয় হওয়ায় এসব রীতিনীতি মান্য করার মাধ্যমে তারা অতীতের গৌরব ও ঐতিহ্যকে সংরক্ষণ করতে আগ্রহী।
৪. শাসনতন্ত্রের ধারাবাহিকতা সংরক্ষণ : প্রথা অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সংযোগ স্থাপন করে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে। এই ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই শাসনতান্ত্রিক রীতিনীতি মান্য করা হয়।
৫. রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ : দীর্ঘকাল ধরে গড়ে ওঠা শাসনতান্ত্রিক রীতিনীতির পেছনে জনগণের সুদৃঢ় সমর্থন থাকায় এগুলো উপেক্ষা করার সাহস কেউ করে না। যদিও প্রথা অমান্য করলে কোনো আইনগত শাস্তি নেই, তবুও রাজনৈতিক অস্থিরতা ও জনপ্রতিক্রিয়ার আশঙ্কা সবসময় বিদ্যমান থাকে।
৬. নমনীয় ও গতিশীল সংবিধান প্রতিষ্ঠা : প্রথাগত বিধান সংবিধানকে নমনীয় ও গতিশীল করে তোলে। কেবল আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এই ক্ষেত্রে শাসনতান্ত্রিক রীতিনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপসংহার : পরিশেষে বলা যায়, ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় শাসনতান্ত্রিক রীতিনীতির বাস্তব মূল্য অপরিসীম। এগুলো সংবিধান ও রাজনৈতিক প্রতিষ্ঠানকে সচল ও কার্যকর রেখেছে। এ কারণেই সরকার ও জনগণ উভয়েই প্রথাগত বিধান শ্রদ্ধার সঙ্গে মেনে চলে।

إرسال تعليق