প্রশ্ন: ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা কর।ভূমিকা : পার্লামেন্টের সার্বভৌমত্বকে ব্রিটিশ শাসনতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভরূপে গণ্য করা হয়। প্রাচীনত্ব, ক্ষমতার পরিধি, প্রয়োগক্ষেত্রের ব্যাপ্তি প্রভৃতি দিক থেকে বিচার করলে ব্রিটিশ পার্লামেন্ট পৃথিবীতে অনন্য। ব্রিটেনের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর পার্লামেন্টের নিরঙ্কুশ আইনগত কর্তৃত্ব প্রতিষ্ঠিত। আইনে পার্লামেন্টের ক্ষমতার কোনো সীমা টানা হয়নি। ব্রিটেনের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পার্লামেন্টের এ আইনগত প্রাধান্য একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এজন্য K. C. Wheare মন্তব্য করেছেন, “The Supremacy of Parliament is the cornerstone of the British Constitution.”
ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের প্রকৃতি : ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব আইনগত, রাজনৈতিক নয়। ব্রিটিশ পার্লামেন্ট যেকোনো আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আইনগত বিচারে পার্লামেন্টের ক্ষমতা অবাধ ও অনিয়ন্ত্রিত।
এ প্রসঙ্গে ফরাসি লেখক De Lolme বলেছেন, “It is a fundamental principle with English lawyers that Parliament can do everything but make a woman a man and a man a woman.”
রাষ্ট্রব্যবস্থায় যার হাতে আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা থাকে, আইনগত দিক থেকে সে ব্যক্তি বা কর্তৃপক্ষ সার্বভৌম। ব্রিটেনের আইন প্রণয়নকারী একমাত্র সংস্থা হলো পার্লামেন্ট। সুতরাং ব্রিটিশ পার্লামেন্টের হাতে আইনগত সার্বভৌমত্ব ন্যস্ত আছে।
Prof. Dicey-এর মতে, ব্রিটিশ পার্লামেন্টের নিরঙ্কুশ আইনগত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এ সম্পর্কে তিনটি মন্তব্য করেছেন। যথা :
১. ব্রিটিশ পার্লামেন্ট যেকোনো আইন প্রণয়ন করতে পারে।
২. পূর্বে প্রণীত যেকোনো আইন সংশোধন বা বাতিল করতে পারে।
৩. শাসনতন্ত্র সংশোধন করতে পারে।
আরও দুটি বিষয় থেকে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের প্রমাণ পাওয়া যায়। যথা :
প্রথমত, যুক্তরাজ্যে সাংবিধানিক আইন এবং পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা হয় না। এখানে পার্লামেন্টের আইনই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
দ্বিতীয়ত, রাজা বা রানীর ডোমিনিয়নগুলোর ক্ষেত্রেও ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রযোজ্য হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ব্রিটিশ পার্লামেন্ট আইনগত দিক থেকে সার্বভৌম হলেও তা অনেকাংশে তত্ত্বসর্বস্ব। তত্ত্বগতভাবে পার্লামেন্ট খেয়ালখুশিমতো আচরণ করতে পারে না। বিভিন্ন কারণে পার্লামেন্টের সার্বভৌমত্বের উপর সীমাবদ্ধতা আরোপিত হয়ে থাকে। সুতরাং সমগ্র বিষয়টি ব্রিটেনের আর্থ-সামাজিক বিন্যাসের সাথে সম্পর্কযুক্ত।
একটি মন্তব্য পোস্ট করুন