প্রশ্নঃ ব্রিটিশ ফৌজদারি আদালতের সংগঠন বর্ণনা কর।
ভূমিকা : ব্রিটেনের বিচারব্যবস্থা ১৮৭৩ সালের আইনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্রিটেনের আদালতের যে দুটি ধরন আছে, তার অন্যতম হলো ফৌজদারি আদালত। ফৌজদারি মামলার বিচার ফৌজদারি আদালত করে। ফৌজদারি মামলায় এক পক্ষ থাকে রাষ্ট্রপক্ষ।
ব্রিটিশ ফৌজদারি আদালতের সংগঠন : ব্রিটিশ ফৌজদারি আদালতের সংগঠন সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. ম্যাজিস্ট্রেট আদালত : ফৌজদারি ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হলো ক্ষুদ্র দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত। লর্ড চ্যান্সেলর এ আদালতের বিচারকদের নিযুক্ত করেন। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার বিচার এ আদালতে হয়।
২. রাজা বা রানীর আদালত : ম্যাজিস্ট্রেট আদালতের উপরে রয়েছে রাজা বা রানীর আদালত। এ আদালত গঠিত হয় উচ্চ আদালতের বিচারপতি, সার্কিট বিচারপতি এবং রেকর্ডারদের নিয়ে।
৩. ঊর্ধ্বতন আপিল আদালত : রাজকীয় আদালতের রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার আপিল বিচারের জন্য একটি ঊর্ধ্বতন আদালত রয়েছে। এ আপিল আদালতই হলো লর্ডসভা। এ প্রসঙ্গে মুনরো বলেন, “The gamut of criminal justice in England therefore runs through summary jurisdiction, quarter sessions, assizes, court of criminal appeal and House of Lords.”
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা ব্রিটিশ ফৌজদারি আদালতের সংগঠন সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে পারি। ফৌজদারি আদালতে মূলত রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী অপরাধের বিচার ও শাস্তি প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন