ব্রিটিশ স্থানীয় সরকারের সংগঠনসমূহ উল্লেখ কর


প্রশ্ন : ব্রিটিশ স্থানীয় সরকারের সংগঠনসমূহ উল্লেখ কর।

ভূমিকা : ব্রিটেনের সমাজে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। সেখানে গণতন্ত্রের প্রথম পাঠ এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমেই জনগণ লাভ করে থাকে। ব্ল্যাকস্টোন (Blackstone)-এর মতে, “স্বাধীনতা সর্বোপরি সেদেশের স্বাধীন স্থানীয় প্রতিষ্ঠানসমূহের উপর নির্ভর করে।”

ব্রিটিশ স্থানীয় সরকারের সংগঠনসমূহ : বর্তমান ইংল্যান্ডে স্থানীয় সরকারের পাঁচটি প্রধান ক্ষেত্র রয়েছে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো :

১. প্রশাসনিক কাউন্টি : ব্রিটেনের স্থানীয় সরকারের বৃহত্তম বিভাগ হলো কাউন্টি। প্রশাসনিক কাউন্টির অধিকাংশের এক বা একাধিক কাউন্টি বোরো রয়েছে। তাছাড়া প্রশাসনিক কাউন্টির একটি কাউন্টি কাউন্সিল থাকে, যা চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত।

২. কাউন্টি বোরো : কাউন্টি বোরো একটি ঘনবসতিপূর্ণ শহর। এটি আয়তনে তুলনামূলকভাবে বিস্তীর্ণ। স্থানীয় কর্তৃপক্ষের নিকট যেসব ক্ষমতা বিদ্যমান থাকে, এর অধিকাংশই কাউন্টি বোরো কার্যকর করে থাকে।

৩. ডিস্ট্রিক্টস : ১৮৯৪ সালের ডিস্ট্রিক্ট এবং প্যারিশ কাউন্সিল আইন ইংল্যান্ডের স্থানীয় শাসনব্যবস্থায় পৌর ও গ্রামীণ ডিস্ট্রিক্টসমূহের পত্তন ঘটায়। বর্তমানে অধিকাংশ পৌর ডিস্ট্রিক্ট যে কাজ সম্পাদনের জন্য প্রতিষ্ঠিত, সে অনুপাতে তারা অতি ক্ষুদ্র। অন্যদিকে, ইংল্যান্ডে গ্রামীণ ডিস্ট্রিক্টগুলোর গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

৪. প্যারিশ : প্যারিশ একটি ছোট শহর বা পল্লি এলাকা। এটি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য ভূমি বা ভবনের ব্যবস্থা করে থাকে। এর যেকোনো বিষয়ে গ্রামীণ ডিস্ট্রিক্ট কাউন্সিল বা কাউন্টি কাউন্সিলের নিকট আবেদন পেশ করার অধিকার রয়েছে।

৫. বোরো : মিউনিসিপ্যালিটির কার্যাবলি সম্পাদনের জন্য বিশেষভাবে সংগঠিত একটি প্রতিষ্ঠান হলো বোরো। বর্তমানে এর কাজ ব্যাপক আকার ধারণ করায় সব কাজ সুষ্ঠুভাবে করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে প্রশাসনিক ব্যবস্থায় জটিলতা দেখা দেওয়ার উপক্রম হয়েছে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সর্বত্রই স্থানীয় সমস্যাসমূহ সমাধানের জন্য স্থানীয় সরকারের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনে বিদ্যমান স্থানীয় সরকারও এর ব্যতিক্রম নয়। বর্তমান ব্রিটেনে বিদ্যমান স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পৌর ও গ্রাম পর্যায়ে তাদের যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে সামাজিক সেবার মান ক্রমেই উন্নীত করে চলেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন