ব্রিটিশ স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর


প্রশ্ন: ব্রিটিশ স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর।

ভূমিকা : স্থানীয় সরকারের আদি বাসস্থান গ্রেট ব্রিটেন। একশ বছর পূর্বে ব্রিটেনের স্থানীয় সরকার কেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে যথেষ্ট মুক্ত ছিল। কিন্তু বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের এ নিয়ন্ত্রণ স্থানীয় প্রশাসন ব্যবস্থার সংগঠন এবং কার্যাবলি নির্ধারণ করে থাকে।

ব্রিটিশ স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ : কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থানীয় প্রশাসনের উপর নিয়ন্ত্রণকে চার ভাগে ভাগ করা যায়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো :

১. আইন বিভাগীয় নিয়ন্ত্রণ : ব্রিটিশ আইনসভা স্থানীয় কর্তৃপক্ষসমূহের ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ করে থাকে। পার্লামেন্ট ছাড়া অন্য কোনো সংস্থা নেই, যেখান থেকে স্থানীয় সরকার ক্ষমতা লাভ করতে পারে। ব্রিটেনের স্থানীয় কর্তৃপক্ষ পার্লামেন্টের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না।

২. শাসন বিভাগীয় নিয়ন্ত্রণ : শাসন বিভাগীয় নিয়ন্ত্রণের অর্থ হলো স্থানীয় প্রশাসন ক্ষেত্রে সরকারের বিভিন্ন বিভাগের তদারকি ও নির্দেশ প্রদান। বর্তমানে শাসন বিভাগীয় নিয়ন্ত্রণ ব্যাপক আকার ধারণ করেছে এবং তা অত্যধিক প্রসারিত হয়েছে।

৩. বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ : স্থানীয় সংস্থাসমূহ কেবল সেইসব ক্ষমতা কার্যকর করতে পারে, যেগুলো তাদেরকে কোনো বিধিবদ্ধ আইনের মাধ্যমে প্রদান করা হয়। যদি কোনো স্থানীয় সংস্থা প্রদত্ত ক্ষমতার বাইরে কোনো কাজ করে, তাহলে বিচার বিভাগ সেটিকে বিধিবহির্ভূত বলে আখ্যায়িত করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

৪. অর্থ সংক্রান্ত নিয়ন্ত্রণ : কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থানীয় সংস্থাসমূহের নিয়ন্ত্রণ মূলত অর্থ নিয়ন্ত্রণের মাধ্যমেই সুদৃঢ়ভাবে কার্যকর হতে পারে। বাস্তবিক পক্ষে তহবিল নিয়ন্ত্রণই সমগ্র সরকারি কার্যাবলি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কেন্দ্রীয় সরকার ইচ্ছামতো স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে সরকারি সাহায্য প্রদান বা স্থগিত রাখতে পারে।

উপসংহার : অতএব বলা যায় যে, ব্রিটেনে প্রচলিত সংসদীয় গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুতকরণ, অর্থনৈতিক উন্নয়নসহ মানব উন্নয়নের জন্য স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের যেসব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রয়েছে, তা হ্রাস করে কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় সাধন করা আবশ্যক। এক্ষেত্রে ব্রিটেনের কেন্দ্রীয় সরকারকে আরও গণতান্ত্রিক হতে হবে এবং এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে স্থানীয় সরকার স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হয়।

Post a Comment

أحدث أقدم