প্রশ্ন: লর্ডসভার সংস্কার সাধনের পদ্ধতি আলোচনা কর।
ভূমিকা : ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হিসেবে লর্ডসভার গুরুত্ব অপরিসীম। প্রাচীনতম কক্ষ হিসেবে পূর্বে ‘বৃহত্তর পরিষদ’ নামে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে নানা পরিবর্তন ও সংস্কারের মধ্য দিয়ে এটি বর্তমান রূপ পরিগ্রহ করেছে। Frank Stacey-এর ভাষায়, “লর্ডসভা ব্রিটেনের শাসন পদ্ধতির এক অদ্ভুত বৈশিষ্ট্যস্বরূপ।” এক সময় লর্ডসভা বিপুল ক্ষমতার অধিকারী থাকলেও বর্তমানে এ সভার ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে। মূলত সময়ের চাহিদা মেটাতে গিয়ে লর্ডসভার যেসব সংস্কার সাধন করা হয়েছে, তার ফলে এর ক্ষমতা ও প্রভাব কিছুটা হ্রাস পেয়েছে। তথাপি ব্রিটেনের শাসনব্যবস্থায় এখনও লর্ডসভার গুরুত্ব অত্যধিক।
লর্ডসভার সংস্কার সাধনের পদ্ধতি : লর্ডসভার গঠন সংস্কারের পদ্ধতি মূলত দুই ধরনের। যথা—
ক. মনোনয়ন পদ্ধতি
খ. নির্বাচনের পদ্ধতি
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো :
ক. মনোনয়ন পদ্ধতি : লর্ডসভাকে প্রতিনিধিত্বমূলক কক্ষে পরিণত করে এর গঠন পরিবর্তন করা যায়। এক্ষেত্রে লর্ডসভার সদস্য মনোনয়নের মাধ্যমে নির্বাচন করতে হবে। তবে সমস্যা হলো, সদস্য মনোনয়নের দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে জটিলতা দেখা দেয়। রাজা বা রানী এবং স্পিকারকে এ দায়িত্ব ন্যস্ত করা হলে নিরপেক্ষতার প্রশ্ন উঠতে পারে। আবার প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করলে দলীয় প্রভাব বিস্তারের আশঙ্কা থাকে। সুতরাং এ পথ বাস্তবে গ্রহণযোগ্য নয়।
খ. নির্বাচনের পদ্ধতি : লর্ডসভার সদস্যদের নির্বাচনের মাধ্যমে এ সভাকে প্রতিনিধিত্বমূলক রূপ দেওয়া যায়। তবে এক্ষেত্রে সমস্যা হলো, এ ব্যবস্থা গ্রহণ করলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা সমজাতীয় সম্মানের অধিকারী হয়ে পড়বে এবং উভয় কক্ষ প্রায় একই ধরনের কক্ষে পরিণত হবে। ওয়েড ও ফিলিপস মন্তব্য করেন—
"A reformed House of Lords, if based upon the elective principle, would inevitably come into conflict with the House of Commons, while, if based on any other principle, its composition would in all probability incline to be conservative."
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, লর্ডসভা সংস্কারে এ পর্যন্ত গৃহীত কোনো সুপারিশ, প্রস্তাব বা চেষ্টা সফল হয়নি। এমনকি অদূর ভবিষ্যতেও এর সফলতার নিশ্চয়তা নেই। কেননা এ প্রতিষ্ঠানটির গঠনরীতি পরিবর্তনে জনগণের তেমন আগ্রহ নেই। কারণ এটি তাদের স্বার্থের অতি ক্ষুদ্র অংশেরই প্রতিনিধিত্ব করে। এ সম্পর্কে Beathi বলেন, “লর্ডসভার গঠনরীতি সামাজিক দিক থেকে অপ্রতিনিধিত্বমূলক এবং মাত্রাতিরিক্তভাবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। কিন্তু সংস্কার সাধনের উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও কোনো বিকল্প ব্যবস্থা সম্পর্কে মতৈক্য লক্ষ্য করা যায় না। এর কারণ হিসেবে মনে করা হয়, লর্ডসভাকে যতখানি দলীয় ভাবাপন্ন মনে করা হয়, কার্যত এটি ততখানি দলীয় ভাবাপন্ন নয়।”

إرسال تعليق