ব্রিটেনের বিচার বিভাগের ভূমিকা আলোচনা কর


প্রশ্ন: ব্রিটেনের বিচার বিভাগের ভূমিকা আলোচনা কর।

ভূমিকা : কোনো লিখিত সংবিধান না থাকায় ব্রিটেনের বিচার বিভাগ জনগণের অধিকার রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বস্তুত, দেওয়ানি ও ফৌজদারি মামলা-মোকদ্দমা পরিচালনার মাধ্যমে বিচার বিভাগ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

ব্রিটেনের বিচার বিভাগের ভূমিকা : ব্রিটিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিম্নোক্ত ভূমিকা পালন করে থাকে :

১. মৌলিক অধিকার রক্ষা : নাগরিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে ব্রিটেনের বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই। তাই ব্রিটিশ নাগরিকদের মৌলিক অধিকারগুলো সুস্পষ্টভাবে বিধিবদ্ধ নেই। এ অবস্থায় বিচার বিভাগই জনসাধারণের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে থাকে। নাগরিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে ব্রিটেনের বিচার বিভাগের ভূমিকার প্রশংসা করতে গিয়ে অধ্যাপক আইভর জেনিংস (Sir Ivor Jennings) বলেছেন, “The courts enjoy public esteem in the protection of liberty. It protects them against political interference and enables them to exercise their functions freely and fairly without favour and without fear.”

২. বিচার বিভাগীয় বিধি প্রণয়ন : ব্রিটেনে বিচার বিভাগীয় বিধি প্রণয়নের জন্য একটি কমিটি কাজ করে। এ কমিটি লর্ড চ্যান্সেলর ও ১০ জন আইনজ্ঞকে নিয়ে গঠিত। তাছাড়া, ব্রিটেনে বিচারকদের স্ববিবেচনামূলক ক্ষমতা এবং বিচার বিভাগীয় বিধি প্রণয়নের পদ্ধতি থাকার ফলে দ্রুত বিচারকার্য সম্পাদিত হয়ে থাকে।

৩. ক্যাবিনেটের একনায়কতন্ত্রের নিয়ন্ত্রণ : ব্রিটেনের বিচার বিভাগ সে দেশের ক্যাবিনেটের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নানারূপ বাধার সৃষ্টি করে। আইন প্রণয়নের যাবতীয় দায়িত্ব ক্যাবিনেটের থাকলেও তা বিচার-বিশ্লেষণের ক্ষমতা বিচার বিভাগের রয়েছে। বিচার বিভাগ ক্যাবিনেট কর্তৃক পাস হওয়া আইনের বৈধতা ও অবৈধতা নিয়ে আলোচনা করতে পারে।

৪. আমলাতান্ত্রিক ত্রুটিবিচ্যুতি নিয়ন্ত্রণ : আমলাতান্ত্রিক ত্রুটিবিচ্যুতির বিরুদ্ধে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বস্তুতপক্ষে, ব্রিটেনের আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে থাকে, যা ব্রিটেনে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

৫. সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে : ব্রিটেনের বিচার বিভাগ নিরপেক্ষ বিচারকার্য পরিচালনার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্রিটেনে বিচার বিভাগের স্বাধীনতা বিদ্যমান থাকায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজতর হয়। কারণ, বিচার বিভাগের স্বাধীনতা বিদ্যমান থাকায় সরকার বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ করতে পারে না।

৬. শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ : ব্রিটেনে ক্যাবিনেটের ক্ষমতা, শাসন বিভাগের অনমনীয়তা ও আমলাদের প্রভাবে যাতে বিচারকার্য বিঘ্নিত হতে না পারে, সেজন্য সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য বিদ্যমান। আর এ প্রাধান্যের ক্ষমতাবলে বিচার বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। তবে বিচার বিভাগ কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা হয় ন্যায়বিচারের স্বার্থে।

৭. নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা : ব্রিটেনের বিচার বিভাগের বিচারপতিগণ কখনো মিথ্যার আশ্রয় নিয়ে বিচারকার্য পরিচালনা করেন না; বরং তাঁরা উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের সাহায্যে মামলার রায় প্রদান করেন। ফলে মামলার ফলাফল নিরপেক্ষ হয়ে থাকে।

৮. স্ববিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ : অনেক সময় মামলার স্বার্থে ব্রিটিশ বিচারকগণ স্ববিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এর ফলে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়। বিচারকদের এ ক্ষমতা ব্রিটেনের বিচার বিভাগের ভূমিকাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

৯. মামলার সূক্ষ্ম বিচার : সূক্ষ্ম বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে ব্রিটেনের বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আদালতে মামলার শুনানি চলাকালে আইনজীবীগণ তাঁদের সূক্ষ্ম বিচার ও যুক্তির মাধ্যমে সতর্কতার সঙ্গে মামলার পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং বিচারকগণ অত্যন্ত সতর্কতার সঙ্গে তাঁদের যুক্তি বিচার-বিশ্লেষণ করে মামলার রায় প্রদান করে থাকেন। ফলে মামলা সূক্ষ্মভাবে পরিচালনা করা সম্ভব হয়।

১০. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা : ব্রিটেনের বিচারকদের স্বাধীনতা সংরক্ষণের জন্য আনুষ্ঠানিক বিধিব্যবস্থা রয়েছে। দুর্নীতির অভিযোগ ব্যতীত কাউকে অপসারণ করা যায় না এবং বিচারকগণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন। এর ফলে ব্রিটেনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ব্রিটেনের বিচারব্যবস্থা উপর্যুক্ত ভূমিকা পালনের পাশাপাশি প্রশাসনিক কর্তৃপক্ষের ওপর নিয়ন্ত্রণমূলক কিছু ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে, শাসন বিভাগীয় কর্তৃপক্ষের ওপর ব্রিটেনে বিচার বিভাগের এ নিয়ন্ত্রণ অবাধ বা সীমাহীন নয়। ব্রিটেনে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত। তাই ব্রিটেনে বিচার বিভাগকে পার্লামেন্ট প্রণীত আইনের পরিধির মধ্যে থেকে কাজ করতে হয়।

Post a Comment

أحدث أقدم