প্রশ্ন : তুলনামূলক রাজনীতির বিকাশ সম্পর্কে আলোচনা কর।
ভূমিকা: তুলনামূলক রাজনীতির ইতিহাস অত্যন্ত প্রাচীন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক এরিস্টটল (Aristotle) এর হাতে এটির উদ্ভব ঘটে। সেই সময় থেকে আজ অবধি তুলনামূলক রাজনীতি সময়ের পরিবর্তনের সাথে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর অবদানের মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে। বর্তমানে তুলনামূলক রাজনীতি আধুনিক বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্যে সমৃদ্ধ এবং রাজনীতির মূলসূত্র ও বাস্তবতা অনুসন্ধানে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে তুলনামূলক রাজনীতির বিকাশধারা একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়।
তুলনামূলক রাজনীতির বিকাশ:
১. প্রাথমিক ধারা: খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক Aristotle প্রথম ১৫৮টি সংবিধানের তুলনামূলক আলোচনা করেন এবং সরকারের শ্রেণীবিন্যাস করেন। এজন্য তাকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয়।
২. রোমান অবদান: পরবর্তীতে পলিবিয়াস (Polybius) এবং সিসেরো (Cicero) গ্রিক ঐতিহ্যকে রোমান চিন্তায় সংহত করেন এবং তুলনামূলক রাজনীতি অধ্যয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
৩. রেনেসাঁ যুগ: দার্শনিক ম্যাকিয়াভেলি (Machiavelli) Aristotle-এর পদ্ধতি পুনরায় অনুসরণ করেন। তাঁর বাস্তববাদী রচনা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও তুলনামূলক রাজনীতি বিশ্লেষণের ভিত্তি হিসেবে কাজ করে। তিনি তৎকালীন বহুধাবিভক্ত ইতালি এবং ইউরোপের অন্যান্য রাষ্ট্রের মধ্যে তুলনামূলক আলোচনা করেন।
৪. ফরাসি ও অষ্টাদশ শতকের অবদান: ফরাসি দার্শনিক বডিন (Bodin) ম্যাকিয়াভেলির পদাঙ্ক অনুসরণ করেন। অষ্টাদশ শতকের দার্শনিক মন্টেস্ক্যু (Montesquieu) তুলনামূলক পদ্ধতি অনুসরণ করে তাঁর আইন তত্ত্ব প্রতিষ্ঠা করেন।
৫. উনিশ শতক: এই শতকের শেষদিকে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী তুলনামূলক রাজনীতি বিশ্লেষণে অবদান রাখেন, যেমন লরেন্স লোয়েল (Lawrence Lowell), জেমস ব্রাইস (James Brice), ফ্রেডারিক ওগ (Friedrich Ogg), উইলিয়াম মানরো (William Munro)।
৬. বিশ শতক: প্রথম বিশ্বযুদ্ধের পর লর্ড ব্রাইস (Lord Brice) তার ‘Modern Democracies’ (1921) গ্রন্থের মাধ্যমে তুলনামূলক রাজনীতি অধ্যয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও Harman Finer, Care J. Friedrich, Edward Saint প্রমুখের অবদান উল্লেখযোগ্য।
৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অবদান: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক রাজনীতির নতুন দিক উন্মোচিত ও প্রসারিত করে। এ সময়ের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে David Easton, Coleman, Powell, Lucian Pye, Max Weber, David Apter, Myron Weiner উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, রাষ্ট্রবিজ্ঞানের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ অংশ দখল করে তুলনামূলক রাজনীতি অধ্যয়ন। রাজনীতি অধ্যয়নের তুলনামূলক ব্যাখ্যা ও বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এর বহুল প্রয়োগ ঘটেছে। বিগত তিন-চার দশকে তুলনামূলক রাজনীতি অধ্যয়নে যুগান্তকারী পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে। তুলনামূলক রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়ে বর্তমান রূপে পরিগ্রহ করেছে।

إرسال تعليق