তুলনামূলক রাজনীতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর


প্রশ্ন: তুলনামূলক রাজনীতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর।

ভূমিকা: অভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই বা ততোধিক রাজনৈতিক ব্যবস্থা, তাদের বিভিন্ন কাঠামো বা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, উপদল, রাজনৈতিক কৃষ্টি ইত্যাদি বিষয় নিয়ে তুলনামূলক রাজনীতি আলোচনা করে। প্রাচীনতম ধারণা হওয়ায় তুলনামূলক রাজনীতির পরিধি বা বিষয়বস্তু ব্যাপক। তুলনামূলক রাজনীতির সংজ্ঞা বিশ্লেষণ করলে এর পরিধি ও বিষয়বস্তুর সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।

তুলনামূলক রাজনীতির পরিধি বা বিষয়বস্তু: নিম্নে তুলনামূলক রাজনীতির প্রধান পরিধি ও বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করা হলো:

১. রাজনৈতিক প্রতিষ্ঠানাদির ব্যাখ্যা: বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানাদির কার্যকারিতা ও তুলনামূলক রাজনৈতিক প্রক্রিয়ার আলোচনার মধ্যে এটি অন্তর্ভুক্ত।

২. রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা: রাজনৈতিক ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য, কাঠামো ও কার্যাবলি তুলনামূলক রাজনীতির অন্যতম আলোচিত বিষয়।

৩. রাজনৈতিক কাঠামোর আলোচনা: রাজনৈতিক কাঠামোর মূল কাঠামো এবং উপরিকাঠামোর সম্পর্কের বিশদ আলোচনা করা হয়।

৪. রাজনৈতিক সংস্কৃতির আলোচনা: বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সাংস্কৃতিক বৈশিষ্ট্যও তুলনামূলকভাবে আলোচিত হয়।

৫. রাজনৈতিক ব্যবস্থার দক্ষতা: বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার কার্যকারিতা, ক্ষমতা ও দক্ষতার বিশ্লেষণ করা হয়।

৬. সরকারের বিভিন্ন শ্রেণীবিভাগ: সরকারের অতীত ও বর্তমান শ্রেণীবিভাগ সম্পর্কে বিশদ আলোচনা এবং সর্বোৎকৃষ্ট সরকার চিহ্নিত করার চেষ্টা।

৭. রাজনৈতিক উন্নয়ন: রাজনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবাদের আলোচনা, কোন ধরনের ব্যবস্থা একটি দেশের জন্য উপযোগী এবং কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা বিশ্লেষণ করা হয়।

৮. বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ: বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার কাঠামো, বিকাশ, রূপান্তর এবং যুগের প্রতিকূলতার সাথে অভিযোজন তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়।

উপসংহার: উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, সাম্প্রতিক কালে রাজনীতি অধ্যয়নে তুলনামূলক ব্যাখ্যা ও বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এর বহুমুখী প্রয়োগ ঘটেছে। এটি বিভিন্ন রাষ্ট্রের নিয়মাবলি, ধরন, সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুসন্ধান করে, যা রাষ্ট্রগুলোর মৌলিক প্রকৃতি, কার্যকারিতা ও বিশ্বাস বিশ্লেষণে সহায়ক। এভাবে রাজনীতির সকল বিষয় অন্তর্ভুক্তকরণের মাধ্যমে তুলনামূলক রাজনীতি গত কয়েক দশকে যুগান্তকারী উন্নয়ন সাধন করেছে। সুতরাং, বলা যায় তুলনামূলক রাজনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত এবং বাস্তব অনুসন্ধান দ্রুত ধাবিত হচ্ছে।

Post a Comment

أحدث أقدم