ব্রিটিশ রাজতন্ত্রের ক্ষমতার উৎসগুলো কি কি?


প্রশ্ন : ব্রিটিশ রাজতন্ত্রের ক্ষমতার উৎসগুলো কি কি?
অথবা, ব্রিটিশ রাজতন্ত্রের ক্ষমতার ভিত্তিগুলো কি কি?

ভূমিকা :
ব্রিটেনের রাজতন্ত্র ব্রিটিশ শাসনব্যবস্থায় একটি প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ব্রিটেনে রাজতন্ত্রের সূচনা ঘটে পঞ্চম শতাব্দীর তৃতীয় দশকে। পঞ্চম শতাব্দীতে মূল ইউরোপীয় ভূখণ্ড থেকে অ্যাংলো-স্যাক্সন প্রভৃতি উপজাতির লোকেরা ইংল্যান্ডে আসেন। এ সময় সমস্ত অধিকৃত অঞ্চল একজন সার্বভৌমের অধীনে আসে। এভাবেই পঞ্চম শতাব্দীতেই অ্যাংলো-স্যাক্সন যুগে ব্রিটেনে রাজতন্ত্রের সূচনা হয়।

রাজতন্ত্রের ক্ষমতার উৎস : ব্রিটেনের রাজা বা রানীর বিপুল ক্ষমতার উৎস মূলত দুইটি—
১. পার্লামেন্ট কর্তৃত্বপ্রাপ্ত আইন
২. রাজশক্তির বিশেষাধিকার

বিস্তারিত আলোচনা :

ক. পার্লামেন্ট কর্তৃপক্ষপ্রাপ্ত আইন : ব্রিটিশ পার্লামেন্ট বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিধিবদ্ধভাবে রাজা বা রানীকে ক্ষমতা প্রদান করেছে। এই ক্ষমতার ভিত্তিতেই সরকারের বিভিন্ন দপ্তরের কার্যাবলি সম্পাদিত হয়। এছাড়া, এই ক্ষমতা প্রদত্ত আইন সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীরা প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়ন করতে ব্যবহার করেন। এই নিয়মকানুনগুলো যদি পার্লামেন্ট কর্তৃক বিধিবদ্ধ আইনের বিরোধী না হয়, তবে সেগুলোও আইনের মতো বলবৎ হয়। এই ধরনের ক্ষমতাকে ‘Order in Council’ বা সপরিষদ রাজত্ব বলা হয়।

খ. রাজশক্তির বিশেষাধিকার : ব্রিটেনের রাজশক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো বিশেষাধিকার। সাধারণত, ব্রিটেনের ঐতিহ্য ও চিরাচরিত প্রভাবের ভিত্তিতে গঠিত ক্ষমতাসমূহকে রাজার বিশেষাধিকার হিসেবে গণ্য করা হয়। এই বিশেষাধিকারের মূল উৎস হলো প্রচলিত প্রাচীন রীতিনীতি।
রাজকীয় দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ, আয়োজন এবং নীতি নির্ধারণে অতিরিক্ত ক্ষমতার প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজনীয়তার ফলস্বরূপ, ব্রিটিশ শাসনব্যবস্থায় প্রথাগত আইন বা রীতির অংশ হিসেবে প্রতিটি রাজা বা রানী ধারাবাহিকভাবে কিছু অধিকার ভোগ করেন। এগুলোকে রাজশক্তির বিশেষাধিকার বলা হয়।

উপসংহার : অতএব বলা যায়, ব্রিটিশ রাজশক্তি যেসব ক্ষমতা প্রয়োগ করে, তা দীর্ঘদিনের বিবর্তনের ফল। ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় রাজশক্তির কিছু ক্ষমতা সীমিত হয়েছে। তবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকায় রাজশক্তি একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রাজশক্তিও কিছুটা সীমিত হলেও প্রাসঙ্গিকভাবে গুরুত্বপূর্ণ রয়েছে।

Post a Comment

أحدث أقدم