ব্রিটেনের শাসনব্যবস্থায় অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের ধারণা ব্যাখ্যা কর


প্রশ্ন : ব্রিটেনের শাসনব্যবস্থায় অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের ধারণা ব্যাখ্যা কর।

উত্তর ভূমিকা : ব্রিটিশ আইনসভায় একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের অপর নাম হস্তান্তরিত আইন। সাংবিধানিক ক্রমবিবর্তনের ধারায় ব্রিটেনে পার্লামেন্টের ক্ষমতা ও প্রভাব হ্রাস পেয়েছে এবং পাশাপাশি কেবিনেটের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটেনের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের পেছনে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।

অর্পিত ক্ষমতাপ্রসূত আইন : আইনসভা কর্তৃক শাসন বিভাগের হাতে আইন প্রণয়নের সাথে যুক্ত ক্ষমতার হস্তান্তরকে অর্পিত ক্ষমতাপ্রসূত বা হস্তান্তরিত আইন বলা হয়। রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি ক্রমশ বিস্তৃত হওয়ার ফলে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন সম্প্রসারিত হয়েছে।

ব্রিটেনে অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের ইতিহাস সুদীর্ঘ। অর্পিত ক্ষমতাবলে আইন প্রণয়নের নজির চতুর্দশ শতাব্দীতেও দেখা যায়। তবে ঊনবিংশ শতাব্দীতেই ব্রিটেনের শাসনব্যবস্থায় ব্যাপকভাবে অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের বিকাশ ও প্রয়োগ ঘটে। এর অন্যতম কারণ হলো শিল্পবিপ্লবের প্রভাবপ্রসূত আর্থ-সামাজিক অবস্থা।

শিল্পবিপ্লবের পরে যেসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছিল, তার সমাধানের জন্য সরকারকে বাধ্য হয়ে বিভিন্ন বিধিব্যবস্থা গ্রহণ করতে হয়। ফলে পার্লামেন্টের পক্ষে ক্রমবর্ধমান কাজের ভার এককভাবে বহন করা সম্ভব হচ্ছিল না। তাই পরিকল্পিতভাবে কাজের বোঝা হ্রাসের জন্য পার্লামেন্টকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সাহায্য গ্রহণ করতে হয়। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন প্রকৃতপক্ষে প্রত্যেক রাষ্ট্রেই স্বীকৃতি পেয়েছে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে ব্রিটেনের শাসনব্যবস্থায় অর্পিত ক্ষমতাপ্রসূত বা হস্তান্তরিত আইনের ধারণা লাভ করা যায়। ব্রিটিশ পার্লামেন্টের কার্যাবলি সম্পাদন এবং সর্বতোভাবে সংসদীয় প্রক্রিয়ার সাথে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন ওতপ্রোতভাবে জড়িত।

Post a Comment

أحدث أقدم