প্রশ্ন: অর্থবিল বলতে কী বুঝ?
ভূমিকা : ব্রিটিশ পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো অর্থসংক্রান্ত ক্ষমতা। মূলত পার্লামেন্টের প্রতিনিধিত্বশীল কক্ষ কমন্সসভা ব্রিটিশ সরকারের অর্থসংক্রান্ত চূড়ান্ত ক্ষমতা ভোগ করে থাকে। ব্রিটিশ সরকার কমন্সসভার অনুমতি ব্যতীত সরকারি রাজকোষ হতে সামান্য পরিমাণ অর্থও ব্যয় করতে পারে না। এমনকি কমন্সসভার অনুমতি ছাড়া সরকার নতুন কর ধার্য বা ধার্যকৃত করের পরিমাণ বৃদ্ধি করতে পারে না।
অর্থবিল : সাধারণত আইনের খসড়া প্রস্তাবকে বিল বলা হয়। অর্থবিল হলো অর্থসংক্রান্ত বিষয়ে প্রণীত বিল। অর্থাৎ কর ধার্য, করের হার পরিবর্তন বা নিয়ন্ত্রণ, কর বিলোপ, ঋণ গ্রহণ বা পরিশোধ, সঞ্চিত তহবিলে অর্থ জমা বা ব্যয়, সরকারি ব্যয় ও বিনিয়োগ প্রভৃতি বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিলই অর্থবিল। তবে কোনো বিল অর্থবিল কি না তা নিয়ে বিরোধ দেখা দিলে ১৯১১ সালের সংসদীয় আইন অনুযায়ী কমন্সসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
অর্থবিলের কতকগুলো বিষয় বিবেচনা করা প্রয়োজন। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো :
i. অর্থবিল শুধু কমন্সসভাতেই উপস্থাপন করা হবে।
ii. অর্থবিল পাসের ক্ষেত্রে কমন্সসভার একক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত থাকবে।
iii. রাজা বা রানীর আনুষ্ঠানিক সুপারিশক্রমে মন্ত্রীরা অর্থবিল উত্থাপন করতে পারবেন।
iv. মন্ত্রীরা ব্যতীত কমন্সসভা নিজ উদ্যোগে এমন কোনো প্রস্তাব উত্থাপন করতে পারবে না।
v. পার্লামেন্টের অনুমোদন ছাড়া নতুন কোনো কর ধার্য করা যাবে না।
vi. সরকার দাবি না জানালে পার্লামেন্ট কোনো অর্থ মঞ্জুর করতে পারবে না।
vii. রাজস্ব সংগ্রহ, ব্যয় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পার্লামেন্ট নির্ধারণ করে দেয় এবং তা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তা পরীক্ষা করে থাকে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, অর্থবিল ব্রিটিশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি বিল। অর্থবিল হলো সেই বিল, যা অর্থসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। অর্থবিল রাজা বা রানীর পূর্বানুমতি নিয়ে কমন্সসভায় অর্থমন্ত্রী অথবা ক্যাবিনেট কর্তৃক ভারপ্রাপ্ত কোনো মন্ত্রী দ্বারা উত্থাপিত হয়। এটি সাধারণত বাজেটের মাধ্যমে পেশ করা হয়।

إرسال تعليق