ব্রিটিশ সিভিল সার্ভিস বলতে কী বুঝ?


প্রশ্ন: ব্রিটিশ সিভিল সার্ভিস বলতে কী বুঝ?

ভূমিকা : ব্রিটিশ ক্যাবিনেটের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ব্রিটিশ সিভিল সার্ভিস কাজ করে। এ সংস্থা এমন এক শ্রেণীর কর্মচারীবৃন্দ নিয়ে গঠিত, যারা নির্ধারিত হারে বেতন পান, বিভিন্ন কাজে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাদের কার্যকাল স্থায়ী। এটি ব্রিটিশ প্রশাসনের চালিকা শক্তি।

মূল : ব্রিটিশ সিভিল সার্ভিস বলতে রাষ্ট্রের অসামরিক প্রশাসনিক বিভাগগুলোকে বোঝায়। এসব বিভাগে যেসব কর্মচারী নিয়োগপ্রাপ্ত হন, তারা রাজনৈতিক বা বিচার বিভাগীয় পদ ধারণ করেন না; তাদেরকে বেসামরিক পদে নিয়োগ দেওয়া হয়। তারা সরাসরি রাজস্ব থেকে বেতন লাভ করেন। এসব কর্মকর্তাবৃন্দ শুধু প্রশাসনিক কাজে নিযুক্ত থাকেন। বিচারকবৃন্দ, স্থলবাহিনী বা অন্যান্য সশস্ত্র বাহিনীর কর্মচারীরা এ সংস্থার অন্তর্ভুক্ত নয়।

সংসদীয় শাসনব্যবস্থার পীঠস্থান ব্রিটেনে প্রশাসন পরিচালনার প্রকৃত ক্ষমতা ক্যাবিনেট বা মন্ত্রিসভার হাতে থাকে। কিন্তু ক্যাবিনেটের একার পক্ষে প্রশাসনিক সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয়। ফলে ক্যাবিনেটকে সরকারি স্থায়ী কর্মচারীদের উপর নির্ভর করতে হয়। এসব সরকারি কর্মচারী নিজ যোগ্যতা ও গুণের ভিত্তিতে নির্বাচিত হন এবং জনগণের সেবক হিসেবে কাজ করেন। ১৯২৯–৩১ সালে রাজকীয় কমিশনের কাছে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত রিপোর্টে সিভিল সার্ভিসের সংজ্ঞায় উল্লেখ করা হয় যে, “একজন বেসামরিক কর্মচারী হলেন রাজা বা রানীর কর্মচারী, যিনি বেসামরিক কাজে নিযুক্ত এবং পার্লামেন্ট কর্তৃক মঞ্জুরিকৃত অর্থ থেকে যার পারিশ্রমিক প্রদান করা হয়।”

উপসংহার : অতএব বলা যায় যে, ব্রিটিশ সিভিল সার্ভিস এমন এক শ্রেণীর কর্মচারীবৃন্দ নিয়ে গঠিত, যারা রাজনৈতিকভাবে নিযুক্ত নন এবং নিজ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন, নির্দিষ্ট হারে বেতন-ভাতা পান এবং ক্যাবিনেটের সহায়ক সংস্থা হিসেবে প্রশাসনিক কার্য সম্পাদনে সাহায্য করেন। সংসদীয় শাসনব্যবস্থায় সিভিল সার্ভিসের অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Post a Comment

নবীনতর পূর্বতন