কমন্সসভার গঠন আলোচনা কর


প্রশ্ন: কমন্সসভার গঠন আলোচনা কর।

ভূমিকা : ব্রিটিশ পার্লামেন্ট হলো পৃথিবীর পার্লামেন্টীয় শাসনব্যবস্থার পীঠস্থান। ব্রিটিশ পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। দ্বিকক্ষবিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন্সসভা। কমন্সসভা ১২৯৫ সালের তথাকথিত আদর্শ পার্লামেন্ট থেকে ক্রমবিকাশের মাধ্যমে বর্তমান রূপ পরিগ্রহ করেছে।

কমন্সসভার গঠন : নিম্নে কমন্সসভার গঠন সম্পর্কে আলোচনা করা হলো :

১. সদস্যসংখ্যা : ১৯৭৯ সালের নির্বাচনের সময় কমন্সসভার সদস্যসংখ্যা ছিল ৬৩৫ জন। বর্তমানে কমন্সসভা ৬৫০ জনের অধিক সদস্য নিয়ে গঠিত।

২. সদস্যদের যোগ্যতা : কমন্সসভার সদস্য হতে হলে তাকে অবশ্যই ব্রিটিশ নাগরিক, প্রাপ্তবয়স্ক এবং যেকোনো ধর্মবিশ্বাস নির্বিশেষে আনুগত্যের শপথ গ্রহণে ইচ্ছুক হতে হবে।

৩. কার্যকাল : কমন্সসভার কার্যকাল ৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই রাজা বা রানী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সভা ভেঙে দিতে পারেন। আবার জরুরি অবস্থায় এ সভার মেয়াদ বাড়াতেও পারেন।

৪. অধিবেশন : বছরে অন্তত একবার কমন্সসভার অধিবেশন বসে। তবে জরুরি অবস্থায় রাজা বা রানী একাধিকবার অধিবেশন আহ্বান করতে পারেন। পার্লামেন্ট ভবনেই অধিবেশন অনুষ্ঠিত হয়।

৫. সদস্য নির্বাচনকারীদের যোগ্যতা : ১৮ বছর বয়স্ক প্রতিটি নাগরিকের নির্বাচনে ভোটাধিকার রয়েছে। তবে কোনো বিদেশি, বিকৃত মস্তিষ্কের ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি কিংবা আদালতে দোষী সাব্যস্ত অপরাধী নির্বাচনে ভোট দিতে পারে না।

৬. নির্বাচনী এলাকার প্রকৃতি : প্রতিটি সদস্য যাতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ব্যক্তির প্রতিনিধিত্ব করতে পারে, সেভাবে নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয়।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, কমন্সসভা একটি জনপ্রতিনিধিত্বশীল নির্বাচিত পরিষদ। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা কমন্সসভা গঠিত হয়। ব্রিটিশ নাগরিকরা প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কমন্সসভার নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন।

Post a Comment

নবীনতর পূর্বতন