প্রশ্ন: ব্রিটিশ সিভিল সার্ভিসের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
ভূমিকা : সংসদীয় শাসনব্যবস্থা প্রচলিত থাকায় ব্রিটেনের শাসনব্যবস্থা পরিচালনায় প্রকৃত ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত থাকে ক্যাবিনেটের হাতে। কিন্তু বাস্তবে দেখা যায় যে, ক্যাবিনেটের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এর নেপথ্যে একটি সংস্থা কাজ করে। আর এ সংস্থাই হলো ব্রিটিশ সিভিল সার্ভিস।
ব্রিটিশ সিভিল সার্ভিসের বৈশিষ্ট্য : নিম্নে ব্রিটিশ সিভিল সার্ভিসের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো :
১. ব্রিটিশ সিভিল সার্ভিস একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের সেবক হলেও রাজনৈতিক দিক থেকে এরা নিরপেক্ষ। ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রধান কর্মকর্তা থেকে শুরু করে নবীন কর্মকর্তা সকলেই সিভিল সার্ভিসের সদস্য।
২. ব্রিটিশ সিভিল সার্ভেন্টগণ নিরপেক্ষ ও অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ লাভ করে থাকেন।
৩. রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত না হওয়ার কারণে ব্রিটিশ সিভিল সার্ভেন্টগণ নিরপেক্ষভাবে তাদের কার্যাদি সম্পাদন করে থাকেন।
৪. ব্রিটিশ সিভিল সার্ভিস প্রায় সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত। মূলত সিভিল সার্ভেন্টগণ সুদক্ষ, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সম্পূর্ণভাবে সৎ। দুর্নীতি, স্বজনপ্রীতি, উৎকোচ গ্রহণ, রাষ্ট্রদ্রোহিতা প্রভৃতি কোনো কাজে তাদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা বিরল।
৫. ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রত্যেক সদস্য তাদের কাজকর্মের জন্য দপ্তরের বিভাগীয় মন্ত্রীর কাছে দায়ী থাকেন।
৬. ব্রিটিশ সিভিল সার্ভেন্টগণ তাদের কার্যাবলির জন্য ব্যক্তিগতভাবে জনগণের নিন্দা বা প্রশংসার দাবিদার না হয়ে বরং লোকচক্ষুর অন্তরালে অজ্ঞাতনামা হিসেবে কাজ করে।
৭. ব্রিটিশ সিভিল সার্ভেন্টগণ সর্বদাই দপ্তর প্রধানের অনুগত থেকে সরকারের কার্যাবলি পরিচালনায় সাহায্য করে থাকেন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, ব্রিটেনের সিভিল সার্ভিস সুদীর্ঘ ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে পরিচিত। সরকারের রাজনৈতিক ক্ষমতার বাস্তব প্রয়োগ আইন বিভাগ, শাসন বিভাগ বা নির্বাচকমণ্ডলীর মাধ্যমে নয়, বরং সিভিল সার্ভিসের মাধ্যমে হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন