ব্রিটিশ প্রশাসনিক দপ্তরের সংগঠন উল্লেখ কর


প্রশ্ন: ব্রিটিশ প্রশাসনিক দপ্তরের সংগঠন উল্লেখ কর।

ভূমিকা : শাসনকার্য পরিচালনার ভার ক্যাবিনেটের উপর ন্যস্ত থাকলেও ক্যাবিনেটকে শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে অরাজনৈতিক প্রশাসক বা সরকারের স্থায়ী কর্মচারী তথা বেসামরিক প্রশাসনের উপর নির্ভরশীল থাকতে হয়। মূলত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি কর্মচারীদের সাহায্য ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয়। তাই ব্রিটেনের সিভিল সার্ভিস অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আদর্শস্থানীয় হয়ে উঠেছে।

ব্রিটিশ প্রশাসনিক দপ্তরের সংগঠন : বর্তমানে ব্রিটেনে সরকারের দপ্তরসমূহ পাঁচ ভাগে বিভক্ত। যথা :
১. সাধারণ দপ্তরসমূহ
২. অর্থ বিভাগসমূহ
৩. সামাজিক কল্যাণমূলক দপ্তরসমূহ
৪. রাজকীয় ও পররাষ্ট্র দপ্তরসমূহ
৫. প্রতিরক্ষা সংক্রান্ত দপ্তরসমূহ

উপর্যুক্ত পাঁচ দপ্তরের মধ্যে মোট দপ্তরের বর্তমান সংখ্যা ২৬ এবং এর মধ্যে অর্থ দপ্তরই প্রধান দপ্তর। এসব দপ্তর বিভিন্ন কর্মকর্তার সমন্বয়ে গঠিত।

প্রশাসনের সাংগঠনিক বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন পদাধিকারীর মর্যাদা এবং দায়িত্বের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। মন্ত্রীরা হলেন দপ্তরের রাজনৈতিক প্রধান এবং স্থায়ী সচিব হলেন অরাজনৈতিক প্রধান। স্থায়ী সচিবের দায়িত্ব হলো কোন কোন বিষয় মন্ত্রীর বিবেচনা ও সিদ্ধান্তের জন্য পাঠানো হবে তা নির্ধারণ করা, গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রীর নিকট পাঠানো হচ্ছে কি না তা নিশ্চিত করা এবং কমন্সসভায় সাধারণ প্রশ্ন নিয়ে যাতে মন্ত্রী তিক্ততাবোধ না করেন তার ব্যবস্থা করা।

স্থায়ী সচিবকে সাহায্য করার জন্য দু’জন ডেপুটি সেক্রেটারি থাকেন। প্রত্যেক আন্ডার সেক্রেটারি নির্দিষ্ট কোনো দপ্তরের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেন এবং তাদের সহায়তার জন্য সহকারী সেক্রেটারি থাকেন। এছাড়া প্রত্যেক মন্ত্রীর একজন প্রধান সেক্রেটারি থাকে।

অরাজনৈতিক প্রশাসনের উচ্চস্তর গড়ে ওঠে পার্লামেন্টারি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারিদের নিয়ে। এ স্তরকে বলা হয় হায়ার সিভিল সার্ভিস। সরকারি প্রশাসন পরিচালনার জন্য সাধারণ প্রশাসকদের পাশাপাশি আইনজীবী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ এবং বিভিন্ন পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের প্রশাসনে নিয়োগ দেওয়া হয়।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি দপ্তরসমূহের মধ্যে কাজ বণ্টন করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ, বিধিবদ্ধ বোর্ড ও সরকারি উদ্যোগে গঠিত বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এসব দপ্তর তাদের কার্যাদি পালন করে থাকে।

Post a Comment

নবীনতর পূর্বতন