প্রশ্ন: ব্রিটিশ স্থানীয় সরকারের বৈশিষ্ট্য উল্লেখ কর।
ভূমিকা : ব্রিটেনের স্থানীয় প্রশাসন কেবল জাতীয় প্রশাসনের অংশ নয়, বরং জাতীয় জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত। ব্রিটিশ স্থানীয় সরকার কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ, যা এ ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য দেশের নিকট জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থা অনুসরণ করে অন্যান্য দেশ নিজ নিজ দেশে এ ব্যবস্থাকে প্রয়োগ করছে।
ব্রিটিশ স্থানীয় সরকারের বৈশিষ্ট্য : নিম্নে ব্রিটিশ স্থানীয় সরকারের কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করা হলো :
১. দীর্ঘ সময়ের বিবর্তনের ফসল : বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে ব্রিটিশ স্থানীয় সরকার বর্তমান রূপ পরিগ্রহ করেছে। অর্থাৎ ব্রিটিশ স্থানীয় সরকার সুদীর্ঘ বিবর্তনের ফসল।
২. নির্ভরশীলতা : কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক স্থানীয় সরকারের কাজ ও ক্ষমতা নির্ধারিত হয়। স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের মতো স্বাধীনভাবে কাজ করতে পারে না।
৩. দলীয় প্রভাবমুক্ত : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কালে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে সক্রিয় হতে থাকে। তবে ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থাকে স্থানীয় রাজনীতি সম্পূর্ণভাবে কলুষিত করতে পারেনি।
৪. সামঞ্জস্য বিধান : বিভিন্ন সময়ে ব্রিটিশ স্থানীয় সরকার ব্যবস্থার পরিবর্তন সাধিত হলেও পুরাতন কাঠামোকে একেবারে বিলুপ্ত করা হয়নি; বরং সমাজের প্রয়োজনে পুরাতন ও নতুনের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়েছে।
৫. চেতনাবোধ জাগ্রত : স্থানীয় সরকার সর্বদা স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজকর্মে নিয়োজিত থাকে এবং স্থানীয় বিষয়ে জনগণের সাহায্য-সহযোগিতা গ্রহণ করে। ফলে জনগণ নিজেদের উন্নয়ন সম্পর্কে নতুন চেতনা লাভ করে।
৬. প্রশাসন পরিচালনা : স্থানীয় সরকার স্থানীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে তারা সরকারের অনুমতি সাপেক্ষে ছোট ছোট আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে।
উপসংহার : অতএব বলা যায় যে, স্থানীয় বিষয়সমূহ পরিচালনা করাই ব্রিটেনের স্থানীয় সরকারের প্রধান ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ব্যবস্থায় জনগণ ব্যাপক হারে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। ফলে এলিটরা স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণের সুযোগ থেকে বঞ্চিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন