ভূমিকা : যে কোনো দেশের সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ অবদান রাখে। সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান গ্রেট ব্রিটেনের ক্ষেত্রেও একথা সমভাবে প্রযোজ্য। ব্রিটেনের স্থানীয় সরকার কেবল জাতীয় প্রশাসনেরই অংশ নয়, বরং জাতীয় জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। কারণ, ব্রিটেনের জাতীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষের হাতে কেবল স্থানীয় প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেনি, একই সঙ্গে কার্যসম্পাদনের প্রয়োজনীয় অর্থ সংস্থানের দায়িত্বও অর্পণ করেছে। সুতরাং দেখা যাচ্ছে যে, বহুবিধ কারণে ব্রিটেনে স্থানীয় সরকারের উদ্ভব ঘটেছে এবং এ ব্যবস্থা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত।
ব্রিটিশ স্থানীয় সরকারের বৈশিষ্ট্য: ব্রিটিশ স্থানীয় সরকার কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ, যা এ ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য দেশের নিকট জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থার অনুসরণ করে অন্যান্য দেশও নিজ নিজ দেশে এ ব্যবস্থা প্রয়োগ করছে। নিম্নে ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো :
১. দীর্ঘ সময়ের বিবর্তনের ফসল : বর্তমানে ব্রিটেনে যে স্থানীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, তা একদিনে সৃষ্টি হয়নি; বরং এটি সুদীর্ঘ সময়ের বিবর্তনের ফসল। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে এটি বর্তমান রূপ ধারণ করেছে। সুতরাং বলা যায় যে, ব্রিটিশ স্থানীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিবর্তন।
২. নতুন ও পুরাতনের মধ্যে সামঞ্জস্য বিধান : বিভিন্ন সময়ে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করতে গিয়ে ব্রিটিশ স্থানীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন সাধিত হয়েছে। কিন্তু তাই বলে পুরাতন কাঠামোকে একেবারে বিনাশ করা হয়নি; বরং সমাজের প্রয়োজনে পুরাতন ও নতুনের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়েছে।
৩. নির্ভরশীলতা : ব্রিটিশ স্থানীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নির্ভরশীলতা। স্থানীয় সরকার তার নিজস্ব পরিকল্পনার মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করে থাকে। এদিক থেকে স্থানীয় সরকার ব্যবস্থাকে স্বাধীন মনে হলেও প্রকৃত অর্থে তা ঠিক নয়। কারণ, কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক স্থানীয় সরকারের কাজ ও ক্ষমতা নির্ধারিত হয়। স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের মতো স্বাধীনভাবে কাজ করতে পারে না।
৪. দায়িত্ব পালনে স্বাধীনতা : স্থানীয় সরকারের দায়িত্ব ও কর্তব্য কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত হলেও সকল ক্ষেত্রে তারা কেন্দ্রীয় সরকারের অধীন নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশের বাইরেও স্থানীয় সরকার কতিপয় কাজ স্বাধীনভাবে সম্পাদন করতে পারে। কারণ, তারা স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত হয়। তাই স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে তারা নিজেদের বিচার-বিবেচনাকে প্রাধান্য দিয়ে থাকে।
৫. দলীয় প্রভাবমুক্ত : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় প্রভাব ছিল না বললেই চলে। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে সক্রিয় হতে থাকে। তবে ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থাকে স্থানীয় রাজনীতি কলুষিত করতে পারেনি। এখনও সামাজিকভাবে নির্বাচিত প্রতিনিধিরাই স্থানীয় সরকার পরিচালনা করেন এবং নিজেদের দলীয় স্বার্থকে তেমন একটা অগ্রাধিকার দেন না।
৬. চেতনাবোধ জাগ্রত : স্থানীয় জনগণকে উন্নয়নের চেতনায় উদ্বুদ্ধ করা স্থানীয় সরকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। স্থানীয় সরকার সর্বদা স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজকর্মে ব্যস্ত থাকে এবং স্থানীয় বিষয়ে তারা স্থানীয় জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে থাকে। ফলে জনগণ নিজেদের উন্নয়ন সম্পর্কে নতুন চেতনা লাভ করে এবং স্থানীয় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে।
৭. রাজার বিশেষাধিকার থেকে মুক্ত : ব্রিটেনে প্রচলিত রাজার বিশেষাধিকার ও ক্ষমতা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেশি সম্পর্কযুক্ত বিধায় স্থানীয় সরকার এ ক্ষমতার প্রভাবমুক্ত থাকে। ফলে স্থানীয় সরকার তার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করতে সক্ষম হয়।
৮. প্রশাসন পরিচালনা : ব্রিটেনের স্থানীয় সরকারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রশাসন পরিচালনা। স্থানীয় সরকার প্রচলিত স্থানীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে তারা কেন্দ্রীয় সরকারের অনুমতি সাপেক্ষে ছোট ছোট আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, স্থানীয় বিষয়সমূহ পরিচালনা করাই ব্রিটেনের স্থানীয় সরকারের প্রধান ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ব্যবস্থায় জনগণ ব্যাপকহারে রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারে। ফলে এলিটরা স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণের সুযোগ থেকে বঞ্চিত হন। এছাড়া স্থানীয় সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ স্থানীয় জনগণের নিকট তাদের কাজের জন্য দায়িত্বশীল থাকায় তারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। তাই অনেকে মনে করেন, ব্রিটেনের স্থানীয় সরকার ব্যবস্থার অস্তিত্বের কারণেই সেখানে পুঁজিবাদী সমাজব্যবস্থার কুফল জনগণের ওপর পড়েনি।

একটি মন্তব্য পোস্ট করুন